Logo
×

Follow Us

এশিয়া

জাপানে বিদেশিদের ভিসা জটিলতা বাড়ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:১৩

জাপানে বিদেশিদের ভিসা জটিলতা বাড়ছে

জাপানে ভিসা নিয়ম কঠোর হওয়ায় বিদেশিদের দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে। নতুন শর্তে ব্যবসায়ী ও অভিবাসীরা বিপাকে পড়েছেন। টোকিওভিত্তিক আইন সহায়তা সংস্থা লিগ্যাল সাপোর্ট গ্রুপ বিয়ন্ডের প্রতিনিধি জুনকো ওয়াতাবে মনে করেন, স্থায়ী বসবাসের নিয়ম কঠোর হলে বিদেশিদের দেশ ছাড়ার প্রবণতা আরো দ্রুত বাড়বে।

সিঙ্গাপুরের রে হো জাপানে হোটেল ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। টয়ামা শহরে একটি পুরনো রিয়োকান কিনে সংস্কারের উদ্যোগ নেন। কিন্তু নতুন নিয়মে ব্যবসা পরিচালনার জন্য ৩০ মিলিয়ন ইয়েন মূলধনের শর্ত পূরণ করতে না পারায় তিনি ভিসা নবায়ন করতে ব্যর্থ হন। ব্যাংকগুলো হোটেল লাইসেন্স ছাড়া করপোরেট অ্যাকাউন্ট খুলতে রাজি হয়নি। দীর্ঘ প্রক্রিয়া শেষে লাইসেন্স পেলেও সময়মতো তা জমা দিতে পারেননি। ফলে তার ভিসা বাতিল হয় এবং পরিবারসহ জাপান ছাড়তে বাধ্য হন।

রে বলেন, “এটি অন্যায্য মনে হয়েছে। নতুন নিয়মে আমাকে পুরো পরিকল্পনা বদলাতে হয়েছে।” তিনি মনে করেন, এ ধরনের পরিবর্তন বিদেশিদের জন্য জাপানকে ব্যবসার অনুকূল জায়গা হিসেবে কম আকর্ষণীয় করে তুলছে।

টোকিওর কাতসুশিকা ওয়ার্ডে ইথিওপিয়ান রেস্তোরাঁ পরিচালনা করছেন এফ্রেম হাইল ও তার স্ত্রী তিবেবে মেনবেরে। তাদের রেস্তোরাঁ ‘লিটল ইথিওপিয়া’ স্থানীয় গণমাধ্যমে প্রশংসিত হলেও ব্যবসা টিকিয়ে রাখতে ৩০ মিলিয়ন ইয়েন মূলধন সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব নয়।

হাইল ২০০৪ সালে জাপানে আসেন এবং ইথিওপিয়ান দূতাবাসে কাজ করেন। পরে রাজনৈতিক আশ্রয় চান। কিন্তু ধারাবাহিকভাবে এক বছরের ভিসা পাওয়ায় স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জন করতে পারেননি। তিনি বলেন, “আমরা এখানে ইথিওপিয়ার সংস্কৃতি তুলে ধরছি। কর দিচ্ছি, আইন মানছি। সন্তানরা জাপানেই জন্মেছে, তারা জাপানি ভাষায় কথা বলে। তবুও আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত।”

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে সরকার ‘শৃঙ্খলাপূর্ণ সমাজ’ গড়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে স্থায়ী বসবাসের নিয়ম কঠোর করা হচ্ছে। নতুন শর্তে জাপানি ভাষায় দক্ষতা বাধ্যতামূলক করা হয়েছে। সরকার মনে করছে, স্থায়ী বসবাসের পর বিদেশিদের কেউ কেউ সরকারি সহায়তা নিচ্ছেন, যা সমস্যাজনক।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন নিয়মে উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবী ও অস্থায়ী শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি হবে। সাধারণ কর্মীদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়বে। এতে জাপানকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেওয়ার প্রবণতা কমতে পারে।

Logo