Logo
×

Follow Us

ইউরোপ

সাইপ্রাসে বিমানবন্দরে স্ক্যানার বাতিল, আসছে ই-গেট

Icon

অনলাইন ডেস্কৱ

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৪১

সাইপ্রাসে বিমানবন্দরে স্ক্যানার বাতিল, আসছে ই-গেট

সাইপ্রাসের লারনাকা ও পাফোস বিমানবন্দরে প্রচলিত ইলেকট্রনিক পাসপোর্ট স্ক্যানার বাতিল করে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ই-গেট স্থাপন করা হবে। দেশটি ইউরোপের সীমান্তমুক্ত শেনজেন অঞ্চলে যোগদানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী কস্তাস ফিতিরিস।

তিনি জানান, এ বছরের শেষ নাগাদ উভয় বিমানবন্দরে অটোমেটেড বর্ডার কন্ট্রোল (এবিসি) গেট স্থাপন করা হবে। বর্তমান স্ক্যানারগুলো আকারে ছোট হওয়ায় আগে ব্যবহার করা হলেও এগুলোতে শেষ পর্যায়ে কর্মকর্তার হাতে যাচাই প্রয়োজন হয়। নতুন এবিসি গেট সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করবে।

মন্ত্রী বলেন, জনবল কম থাকলেও এই গেটগুলো কার্যকর হবে। কোন শ্রেণির যাত্রীদের জন্য এগুলো ব্যবহার হবে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্ধারণ করবে। শেনজেন অঞ্চলে যোগদানের পর অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ বাতিল হলেও বাইরের দেশ থেকে আগত যাত্রীদের জন্য পাসপোর্ট যাচাই চালু থাকবে।

ইউরোপীয় কমিশন ইতোমধ্যে সাইপ্রাসের প্রস্তুতি নিয়ে ইতিবাচক মূল্যায়ন দিয়েছে। জুনে প্রকাশিত “স্টেট অব শেনজেন” প্রতিবেদনে দেশটির অগ্রগতি তুলে ধরা হয়। সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।

শেনজেন অঞ্চলে যোগ দিতে হলে সব সদস্য দেশের সর্বসম্মত সিদ্ধান্ত প্রয়োজন। বর্তমানে ২৫টি দেশ শেনজেনের অন্তর্ভুক্ত, তবে সাইপ্রাস ও আয়ারল্যান্ড এখনো বাইরে রয়েছে। আইসল্যান্ড, লিচটেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ড সদস্য না হলেও আলোচনায় অংশ নেয়।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েন সাইপ্রাসকে শেনজেনে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। অতীতে ধারণা ছিল, সাইপ্রাস সমস্যা সমাধান না হলে দেশটি শেনজেনে যোগ দিতে পারবে না। তবে এখন তিনি সদস্য রাষ্ট্রগুলোকে রাজি করানোর চেষ্টা করছেন।

তবে কিছু মহল পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছে। বিশেষ করে দ্বীপের উত্তর ও দক্ষিণ অংশকে সংযুক্ত করা নয়টি ক্রসিং পয়েন্টে নতুন ডিজিটাল এন্ট্রি/এক্সিট সিস্টেম কার্যকর করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে হয়তো গ্রিন লাইনকে কঠিন সীমান্তে পরিণত করতে হবে অথবা ইউরোপকে প্রশাসনিক জটিলতায় পড়তে হবে।

তুর্কি সাইপ্রিয়ট নেতা তুফান এরহুরমান বলেছেন, শেনজেনে যোগদানের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেছেন, এ পদক্ষেপ তুর্কি সাইপ্রিয়টদের চলাচলের স্বাধীনতায় জটিলতা তৈরি করতে পারে, বিশেষ করে যারা সাইপ্রাস প্রজাতন্ত্রের নাগরিক নন।

Logo