Logo
×

Follow Us

ইউরোপ

DAAD স্কলারশিপে জার্মানিতে পড়াশোনার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৩৬

DAAD স্কলারশিপে জার্মানিতে পড়াশোনার সুযোগ

ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি ও সমৃদ্ধ সংস্কৃতির দেশ জার্মানিতে বিনামূল্যে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের অন্যতম পথ হলো ডাড স্কলারশিপ। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (DAAD) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বৃত্তি দিয়ে থাকে, যা প্রতি বছর হাজারো শিক্ষার্থীকে পড়াশোনার সুযোগ করে দেয়।

ডাডের বিভিন্ন স্কলারশিপে যোগ্যতা নির্ভর করে নির্দিষ্ট কর্মসূচির ওপর। সাধারণভাবে স্নাতকোত্তর পর্যায়ের জন্য আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হয়। পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি ও গবেষণার অভিজ্ঞতা প্রয়োজন। বয়সসীমা নির্দিষ্ট নয়, তবে কিছু কর্মসূচিতে সর্বশেষ ডিগ্রি অর্জনের পর কত বছর পার হয়েছে তা বিবেচনায় নেওয়া হয়।

নির্বাচন প্রক্রিয়ায় একাডেমিক ফলাফল, চাকরির অভিজ্ঞতা, নির্বাচিত বিষয়ের সঙ্গে পূর্ববর্তী পড়াশোনার সম্পর্ক, ভাষাগত দক্ষতা এবং দেশে ফিরে ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা গুরুত্ব পায়।

ডাডের বৃত্তিতে স্নাতকোত্তর পর্যায়ে মাসে প্রায় ৯৯২ ইউরো দেওয়া হয়। পিএইচডি পর্যায়ে মাসিক ভাতা ১ হাজার ৪০০ ইউরো পর্যন্ত হতে পারে। এর সঙ্গে স্বাস্থ্যবীমা, ভ্রমণ ভাতা এবং নির্দিষ্ট পরিস্থিতিতে বাসাভাড়া ও পরিবারসংক্রান্ত অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

আবেদনকারীদের সাধারণত একাডেমিক সনদ ও নম্বরপত্র, জীবনবৃত্তান্ত, উদ্দেশ্যপত্র, ভাষাগত দক্ষতার প্রমাণ, সুপারিশপত্র এবং নির্বাচিত কোর্স বা গবেষণার সঙ্গে সম্পর্কিত নথি জমা দিতে হয়।

প্রথমে ডাডের অফিসিয়াল স্কলারশিপ ডেটাবেজ থেকে নিজের দেশ, শিক্ষাগত স্তর ও বিষয় অনুযায়ী উপযুক্ত স্কলারশিপ খুঁজতে হবে। এরপর সংশ্লিষ্ট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ভালোভাবে পড়তে হবে। আবেদন কখনো ডাড পোর্টালের মাধ্যমে, আবার কখনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো সংস্থার মাধ্যমে হয়।

ডাড স্পষ্ট করেছে, আবেদন পদ্ধতি কর্মসূচিভেদে ভিন্ন হতে পারে। পোর্টালের মাধ্যমে আবেদন করতে হলে অনলাইনে নিবন্ধন করে নির্ধারিত নথি আপলোড করতে হয়।

আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে নয় বরং কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। ভাষার পরীক্ষা, শিক্ষক বা কর্মক্ষেত্রের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশপত্র, উদ্দেশ্যপত্র, চাকরির অভিজ্ঞতার প্রমাণপত্র এবং সহশিক্ষা কার্যক্রমের নথি আগে থেকেই প্রস্তুত রাখা জরুরি।

ডাডের অফিসিয়াল তথ্য অনুযায়ী, আবেদন সময়সীমা প্রতি বছর পরিবর্তিত হতে পারে। তবে সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

Logo