মার্কিন আদালতে ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:২১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে এক ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করেছেন। বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার দেওয়া রায়ে বলেন, নীতিটি ‘স্পষ্টতই অবৈধ’ এবং মার্কিন অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।
২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নীতি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছিল। এর মধ্যে ছিল লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে; বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া; দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশ।
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করেছিল, এসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। তাই তাদের ভিসা স্থগিত করা হয়েছিল। তবে আদালত বলেছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। অভিবাসী ভিসা ইস্যু করার দায়িত্ব কনস্যুলার কর্মকর্তাদের ওপরই বর্তায়।
এই মামলাটি দায়ের করেছিল অভিবাসী অধিকার সংগঠন ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার। তাদের সঙ্গে যুক্ত ছিলেন অভিবাসী ভিসার আবেদনকারী ও মার্কিন নাগরিকরা, যারা পরিবারকে স্পন্সর করেছিলেন।
বিচারক ভার্গাস রায়ে লিখেছেন, “জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা ইস্যু বন্ধ করা আইনগত কাঠামোর সরাসরি লঙ্ঘন।” তিনি আরও বলেন, এই নীতি সংবিধান ও অভিবাসন আইনের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে।
ট্রাম্প প্রশাসন এর আগে ভ্রমণ নিষেধাজ্ঞা ও ডাইভারসিটি ভিসা স্থগিতসহ একাধিক পদক্ষেপ নিয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব পদক্ষেপ সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য তৈরি করেছে এবং মুক্ত মতপ্রকাশ ও ন্যায্য প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে।
রাষ্ট্র বিভাগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে আদালতের এই রায় অভিবাসী অধিকারকর্মীদের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। তারা বলছেন, এটি প্রমাণ করেছে যে প্রশাসনের ক্ষমতা সীমাহীন নয় এবং অভিবাসন নীতিতে আইনের শাসন বজায় রাখতে হবে।
logo-1-1740906910.png)