Logo
×

Follow Us

এশিয়া

কলকাতায় হোটেলে আগুন; ৯ বাংলাদেশির মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৪৩

কলকাতায় হোটেলে আগুন; ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতার নিউ মার্কেট থানার ফ্রি স্কুল স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিক। ১৮ আগস্ট রাত পৌনে ২টার দিকে শিখা ইন নামের একটি হোটেলে আগুন লাগে। মৃতদের মধ্যে রয়েছেন ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশু। আহত হয়েছেন আরো ৬ জন।

প্রাথমিকভাবে দমকল জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। পাঁচতলা ভবনের তিনতলায় অবস্থিত হোটেলটিতে আগুন লাগে। ভবনটিতে একাধিক হোটেল থাকায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। সংকীর্ণ সিঁড়ি ও বন্ধ লিফটের কারণে আবাসিকদের বের হতে দেরি হয়। ফলে অনেকেই দম বন্ধ হয়ে মারা যান।

দমকল সদর দপ্তর কাছেই থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। নিউ মার্কেট থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন। ধোঁয়ার কারণে সিঁড়ি বেয়ে উঠতে দমকল কর্মীদেরও বেগ পেতে হয়। প্রায় ৬৫ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে ১৫ জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সেখানে ৯ জনকে মৃত ঘোষণা করেন। আহত ৬ জন চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, নিহতরা বাংলাদেশের বাসিন্দা। তাদের অধিকাংশই হোটেলে অবস্থান করছিলেন এবং ঘুমন্ত অবস্থায় দুর্ঘটনার শিকার হন।

হোটেলের আবাসিকদের অভিযোগ, ভবনে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। দিন কয়েক আগে তারাপীঠের একটি হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছিল। ফের কলকাতায় একই ধরনের ঘটনা ঘটায় রাজ্যের হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। দমকলের ডিজি অনুজ শর্মা হোটেলে ঢুকে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত।

Logo