Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ভিসার মেয়াদ শেষে শিক্ষার্থীদের ছাড়তে হবে কানাডা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:১৩

ভিসার মেয়াদ শেষে শিক্ষার্থীদের ছাড়তে হবে কানাডা

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসন নীতিতে কড়াকড়ি বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাময়িক স্টাডি ভিসায় কানাডায় আসা শিক্ষার্থীরা যদি স্থায়ী রেসিডেন্সি বা পিআর না পান, তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।

ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জটিলতা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক সেই সময়ে স্মিথ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “স্টুডেন্ট ভিসা একটি সাময়িক নথি। শুরু থেকেই বিষয়টি এমনভাবে নির্ধারিত ছিল।”

স্মিথ আরো বলেন, আলবার্টার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো করদাতাদের অর্থে পরিচালিত হয়। তাই প্রথম অধিকার স্থানীয় শিক্ষার্থীদের। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুযোগ থাকলেও শর্তগুলো সহজ। তাদের উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষা অর্জন করে নিজ দেশে ফিরে গিয়ে সেই শিক্ষাকে কাজে লাগানো।

স্মিথের মন্তব্যের পেছনে রয়েছে কানাডার অভিবাসন ব্যবস্থার সার্বিক কড়াকড়ি। তিনি বলেন, “আমাদের এমন একটি অভিবাসন ব্যবস্থা প্রয়োজন, যেখানে স্পষ্টভাবে নির্ধারিত নিয়ম অনুসরণ করা হবে।”

পোর্টেজ কলেজে পড়াশোনা শেষে পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট না পাওয়ায় অনেক শিক্ষার্থী সমস্যায় পড়েছেন। তাদের বড় অংশ ভারতীয়। স্মিথ স্বীকার করেছেন, কিছু প্রোগ্রামে অভিবাসনের সুযোগ নিয়ে অতিরঞ্জিত তথ্য দেওয়া হয়েছিল। তিনি বলেন, “কিছু অসাধু পরিচালক শিক্ষার্থীদের সুযোগ নিয়েছে। তবে আমাদের বক্তব্য স্পষ্ট, আপনি যদি আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে এখানে আসেন এবং স্থায়ী রেসিডেন্সি না পান, তবে ভিসা শেষ হলে দেশে ফিরতে হবে।”

কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানিয়েছে, অনুমোদন ছাড়া কাজ করলে মারাত্মক পরিণতি হতে পারে। এর মধ্যে রয়েছে কানাডা থেকে বহিষ্কার, পাঁচ বছরের জন্য পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা এবং অভিবাসন রেকর্ডে স্থায়ী জালিয়াতির তকমা। অননুমোদিত কাজ ভবিষ্যতে ভিসা ও স্থায়ী রেসিডেন্সির আবেদনকেও নেতিবাচকভাবে প্রভাবিত করবে।

আইআরসিসি বলেছে, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শিক্ষার্থী প্রোগ্রামের নীতি-নৈতিকতার মান উন্নত করতেই এই সংস্কারগুলো আনা হচ্ছে।

কানাডার বার্তা স্পষ্ট, স্টাডি ভিসা সাময়িক। শিক্ষা শেষে স্থায়ী রেসিডেন্সি না পেলে শিক্ষার্থীদের দেশে ফিরে যেতে হবে। এই অবস্থান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে, যা ভবিষ্যতে কানাডার অভিবাসন নীতিকে আরো কঠোরভাবে প্রভাবিত করতে পারে।

Logo