Logo
×

Follow Us

আফ্রিকা

প্রবাসী রেমিট্যান্সে ২০ বিলিয়ন ডলার টার্গেট নাইজেরিয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:০৮

প্রবাসী রেমিট্যান্সে ২০ বিলিয়ন ডলার টার্গেট নাইজেরিয়ার

নাইজেরিয়ার ফেডারেল মর্টগেজ ব্যাংক (FMBN) প্রবাসীদের রেমিট্যান্সকে দীর্ঘমেয়াদি বিনিয়োগে রূপ দিতে নতুন ডায়াসপোরা ন্যাশনাল হাউজিং ফান্ড (NHF) মর্টগেজ স্কিম চালু করেছে। লন্ডনে উদ্বোধন হওয়া এই উদ্যোগের মাধ্যমে বিদেশে থাকা নাইজেরিয়ানরা দেশে না ফিরেই অনলাইনে নিবন্ধন করে মর্টগেজ সুবিধা নিতে পারবেন।

এই স্কিমে যোগ্য প্রবাসীরা সর্বোচ্চ ১০ কোটি নাইরা পর্যন্ত মর্টগেজ সুবিধা পাবেন। সুদের হার নির্ধারণ করা হয়েছে বছরে ৯ শতাংশ, আর সর্বোচ্চ পরিশোধের সময়সীমা ১০ বছর। শর্ত অনুযায়ী, প্রতি মাসে ন্যূনতম ১০০ ডলার জমা দিতে হবে।

এফএমবিএন-এর ব্যবস্থাপনা পরিচালক শেহু ওসিদি জানিয়েছেন, প্রথম বছরে ৫ লাখ প্রবাসীকে যুক্ত করার লক্ষ্য রয়েছে। পাঁচ বছরের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ৪০ লাখে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে প্রায় ১ কোটি ৭০ লাখ নাইজেরিয়ান বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন।

ওসিদি বলেন, এই উদ্যোগ শুধু প্রবাসীদের বাড়ি কেনার সুযোগই দেবে না, বরং দেশের অর্থনীতিতে রেমিট্যান্সকে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তর করবে। এর মাধ্যমে আবাসন খাতে নতুন নির্মাণ প্রকল্প শুরু হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, মর্টগেজ ব্যবস্থায় আস্থা বাড়বে এবং প্রবাসীদের বিনিয়োগ আরো কাঠামোবদ্ধ হবে।

প্রবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতারণা, নিম্নমানের বাড়ি এবং ভুয়া দলিল নিয়ে উদ্বেগ ছিল। এফএমবিএন জানিয়েছে, কেবলমাত্র অ্যাক্রেডিটেড ডেভেলপারদের প্রকল্পই তালিকাভুক্ত করা হবে। প্রতিটি ডেভেলপারের সততা ও প্রকল্পের মান যাচাই করে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলে ক্রেতারা নিশ্চিত থাকবেন যে বাড়ির দলিল, মান ও দাম সবই সঠিক।

আবেদনকারীদের যাচাই ও সক্ষমতা পরীক্ষা করা হবে। পাশাপাশি নাইজেরিয়ানস ইন ডায়াসপোরা কমিশন (NiDCOM) পুরো প্রক্রিয়ায় যুক্ত থাকবে। এর ফলে প্রবাসীরা আর অনানুষ্ঠানিকভাবে আত্মীয় বা মধ্যস্থতাকারীর মাধ্যমে টাকা পাঠিয়ে ঝুঁকিতে পড়বেন না।

ওসিদি বলেন, “এটি শুধু একটি ডায়াসপোরা পণ্য নয়, বরং জাতীয় আবাসন অর্থায়ন কৌশল। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর ‘রিনিউড হোপ হাউজিং এজেন্ডা’র অংশ হিসেবে এটি চালু করা হয়েছে।”

নিডকমের চেয়ারম্যান আবিকে দাবিরি-এরোওয়া এই উদ্যোগকে “বিনিয়োগ, সম্পৃক্ততা ও আস্থার প্রতীক” হিসেবে বর্ণনা করেছেন। তিনি প্রবাসীদের আহ্বান জানিয়ে বলেন, “এফএমবিএন কাজ করেছে, নিডকম কাজ করেছে, এখন আপনাদের কাজ হলো এই সুযোগ গ্রহণ করা।”

এই মর্টগেজ স্কিম আবাসন খাতে নতুন নির্মাণ প্রকল্পকে উৎসাহিত করবে, ডেভেলপারদের সহায়তা দেবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মর্টগেজ ব্যবস্থাকে আরো গভীর করবে। একই সঙ্গে প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও কাঠামোবদ্ধ বিনিয়োগের পথ তৈরি করবে, যা দীর্ঘমেয়াদে তাদের সম্পদ গঠনে সহায়ক হবে।

Logo