মালয়েশিয়া সরকার আন্তর্জাতিক পাসপোর্ট (PMA) ইস্যুতে বড় পরিবর্তন এনেছে। ১০ বছরের বেশি মেয়াদি পাসপোর্ট ইস্যু আপাতত স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদেশে কিছু মালয়েশিয়ান নাগরিক চেক-ইন করার সময় সমস্যায় পড়ার কারণে। দেশটির শীর্ষ দৈনিক দ্য স্টার এ সংবাদ প্রকাশিত হয়েছে।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান জানিয়েছেন, যেসব নাগরিকের পাসপোর্টে ১০ বছরের বেশি মেয়াদ রয়েছে, তাদের বিনামূল্যে নতুন পাসপোর্ট দেওয়া হবে। নতুন পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, যদি কোনো পাসপোর্টে ছয় মাসের বেশি মেয়াদ অবশিষ্ট থাকে, তবে নতুন করে ১০ বছরের জন্য নবায়ন করলে সেই মেয়াদ বাতিল হয়ে যাবে।
ইমিগ্রেশন বিভাগ বিষয়টি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-কে জানিয়েছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে ১০ বছরের বেশি মেয়াদি পাসপোর্ট ইস্যুতে কোনো আন্তর্জাতিক বিধিনিষেধ নেই। তবে বাস্তবে দেখা গেছে, কিছু এয়ারলাইন্স এ ধরনের পাসপোর্ট গ্রহণে বিভ্রান্তি তৈরি করছে।
জাকারিয়া বলেন, “কিছু এয়ারলাইন্স ভিন্নভাবে মেয়াদ ব্যাখ্যা করায় যাত্রীদের চেক-ইন জটিলতা দেখা দিয়েছে। তাই সর্বোচ্চ মেয়াদ ১০ বছরে সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরো জানান, বিদেশে ভ্রমণরত মালয়েশিয়ান নাগরিকদের সহায়তায় সব এয়ারলাইন্সকে একটি নোটিফিকেশন পাঠানো হবে। এতে স্পষ্টভাবে জানানো হবে যে মালয়েশিয়ার নতুন পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর।
সিদ্ধান্ত অনুযায়ী, ১০ বছরের বেশি মেয়াদি পাসপোর্ট ইস্যু আপাতত স্থগিত থাকবে যতদিন না এয়ারলাইন্স ও ICAO-এর সঙ্গে বিষয়টি সমাধান হয়।
জাকারিয়া বলেন, “আমরা মালয়েশিয়ান নাগরিকদের ভ্রমণ আরো সহজ ও সুশৃঙ্খল করতে প্রতিশ্রুতিবদ্ধ। PMA ইস্যুতে ধারাবাহিক উন্নয়ন করা হবে।”
অন্যদিকে সাবাহ ও সারাওয়াকে ধাপে ধাপে নতুন পাসপোর্ট চালু করা হচ্ছে। এতে স্থানীয় নাগরিকরা নতুন নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ১০ বছরের মেয়াদি পাসপোর্ট পাবেন।
logo-1-1740906910.png)