২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে মালয়েশিয়ার শ্রমবাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। দেশটির পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, বৈশ্বিক অনিশ্চয়তা সত্ত্বেও শ্রম চাহিদা আগের বছরের তুলনায় ১.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.২৫ মিলিয়ন চাকরিতে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট চাকরির মধ্যে ৯৭.৯ শতাংশ পূর্ণ হয়েছে, আর বাকি ২.১ শতাংশ শূন্যপদ রয়ে গেছে। পূর্ণ হওয়া চাকরির সংখ্যা এক বছরে বেড়ে দাঁড়িয়েছে ৯.০৫ মিলিয়ন, যা আগের বছরের ৮.৯ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়েছে।
সার্ভিস সেক্টর এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। এ খাতে চাকরি বেড়েছে ২.৪ শতাংশ, যা মোট চাকরির ৫৩.৪ শতাংশ বা ৪.৮৩ মিলিয়ন। এর পরেই রয়েছে উৎপাদন খাত, যেখানে ২.৪২ মিলিয়ন চাকরি পূর্ণ হয়েছে। নির্মাণ খাতে পূর্ণ চাকরির সংখ্যা দাঁড়িয়েছে ১.২৫ মিলিয়ন।
দক্ষতার ভিত্তিতে দেখা যায়, আধা-দক্ষ কর্মীরা সবচেয়ে বড় অংশীদার। মোট চাকরির ৬২.২ শতাংশ বা ৫.৬৩ মিলিয়ন চাকরি তাঁদের দখলে। দক্ষ কর্মীদের অংশ ২৫.৪ শতাংশ এবং স্বল্পদক্ষ কর্মীদের অংশ ১২.৪ শতাংশ।
শূন্যপদের সংখ্যা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১,৯৫,৭০০। এর মধ্যে উৎপাদন খাতেই সর্বাধিক শূন্যপদ রয়েছে, প্রায় ১ লাখ ১৪ হাজার।
এ সময়ে নতুন চাকরি সৃষ্টি হয়েছে ৩১ হাজার ৫০০, যা আগের বছরের তুলনায় ১.২ শতাংশ কম। সার্ভিস সেক্টরে নতুন চাকরি সৃষ্টি হয়েছে ১৪ হাজার ৪০০।
পরিসংখ্যান বিভাগ বলছে, সামগ্রিকভাবে দ্বিতীয় প্রান্তিকে মালয়েশিয়ার শ্রমবাজারের পারফরম্যান্স জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা প্রমাণ করে। ব্যবসায়িক খাত শ্রমশক্তি শোষণ করছে এবং বেকারত্বের হার কমিয়ে আনছে। বর্তমানে বেকারত্বের হার মাত্র ৩ শতাংশে দাঁড়িয়েছে।
logo-1-1740906910.png)