Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার জোহর বাহরুতে মানব পাচার সিন্ডিকেট ধ্বংস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৫৩

মালয়েশিয়ার জোহর বাহরুতে মানব পাচার সিন্ডিকেট ধ্বংস

মালয়েশিয়ার জোহর বাহরুতে বিদেশি শ্রমিক সরবরাহকারী একটি সিন্ডিকেট ভেঙে দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে দুই বাংলাদেশি নাগরিককে সিন্ডিকেটের মূল হোতা হিসেবে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাসের অপব্যবহার করে স্থানীয় কারখানায় শ্রমিক সরবরাহ করছিলেন।

জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানিয়েছেন, ১১ আগস্ট রাতে শহরের তিনটি স্থানে পরিচালিত ‘অপস সেরকাপ’ অভিযানে মোট ১২৩ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ১০০ জন নারী, বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

তিনি বলেন, অভিযানের সময় শ্রমিকদের গাদাগাদি করে গরম পরিবেশে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তারা হোতাদের আসার অপেক্ষায় ছিলেন, যাতে তাদের বেতন বিতরণ করা যায়।

অভিযানে দুই বাংলাদেশি মূল হোতার পাশাপাশি আরো দুইজনকে আটক করা হয়, একজন বাংলাদেশি ও একজন মিয়ানমারের নাগরিক। তাদের সিন্ডিকেটের সুপারভাইজার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইমিগ্রেশন কর্মকর্তারা অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ ও নথি জব্দ করেছেন। এর মধ্যে রয়েছে ৭ লাখ ৭৬ হাজার ৬১৪ রিঙ্গিত নগদ টাকা, ৪৫০টি বেতন স্লিপ, একটি টয়োটা করোলা ক্রস গাড়ি, দুটি ল্যাপটপ, একটি নেপালি পাসপোর্ট, দুটি টাকা গোনার মেশিন এবং একটি ব্যাংক চেকবই।

রুসদি জানান, আটককৃত সবাইকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর অধীনে তদন্ত চলছে। আটক শ্রমিকদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, জোহর ইমিগ্রেশন বিভাগ অবৈধ এজেন্ট ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। বিদেশি শ্রমিকদের শোষণ ও অবৈধ নিয়োগ বন্ধ করাই তাদের লক্ষ্য।

Logo