ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে আবারো নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এবার থেকে সাত দিনের পরিবর্তে একসঙ্গে ১৫ দিনের স্লট খোলা হবে। ৯ আগস্ট দুপুরে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, “আগে প্রতিদিন স্লট খোলা হতো, এতে রোগী ও জরুরি প্রয়োজনে ভিসা আবেদনকারীদের অসুবিধা হতো। পরে আমরা এক সপ্তাহের স্লট চালু করি, যা ভালো ফল দিয়েছে। এবার সেটিকে বাড়িয়ে ১৫ দিন করেছি।”
হাইকমিশনার জানান, ভিসা আবেদনকারীদের যেন ন্যূনতম সমস্যার মুখে পড়তে না হয়, সেটিই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “যা করা প্রয়োজন, মিশন তা অবশ্যই করবে। আমাদের অগ্রাধিকার থাকবে আবেদনকারীদের সুবিধা নিশ্চিত করা।”
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অ্যাপয়েন্টমেন্ট বুকিং সময়সূচি নির্ধারণ করা হয়েছে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এই পরিবর্তনের ফলে আবেদনকারীরা আগেভাগে সময় নির্ধারণ করতে পারবেন এবং চিকিৎসা, ব্যবসা বা জরুরি প্রয়োজনে ভিসা নেওয়ার প্রক্রিয়া আরো সহজ হবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় হাইকমিশন জানায়, স্লট ব্যবস্থায় এই পরিবর্তন আনা হয়েছে আবেদনকারীদের চাপ কমাতে এবং সিস্টেমকে আরো কার্যকর করতে। এতে ভিসা সেন্টারে ভিড় কমবে এবং আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
logo-1-1740906910.png)