Logo
×

Follow Us

ইউরোপ

বিদেশ ভ্রমণে শীর্ষে যে দেশের মানুষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫৪

বিদেশ ভ্রমণে শীর্ষে যে দেশের মানুষ

বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে পিউ রিসার্চ সেন্টারের এক আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ২৪টি দেশের মানুষের মধ্যে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতায় বিপুল পার্থক্য পাওয়া গেছে। কোথাও প্রায় সবাই অন্তত একবার দেশের বাইরে গেছেন, আবার কোথাও অধিকাংশ মানুষ এখনো সীমান্ত পার হননি।

ইউরোপের দেশগুলো বিদেশ ভ্রমণে সবচেয়ে এগিয়ে। সুইডেন ও নেদারল্যান্ডসে ৯৯ শতাংশেরও বেশি মানুষ অন্তত একবার অন্য দেশে গেছেন। অর্থাৎ বিদেশ ভ্রমণ সেখানে সাধারণ জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে। ইউরোপের অন্যান্য দেশেও অন্তত দুই-তৃতীয়াংশ মানুষ বিদেশে গিয়েছেন। ভৌগোলিক অবস্থান, ছোট আয়তন এবং ইউরোপীয় ইউনিয়নের অবাধ চলাচলের সুবিধা এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

যুক্তরাষ্ট্রে প্রায় তিন-চতুর্থাংশ নাগরিক অন্তত একবার দেশের বাইরে গেছেন। তবে নিয়মিত ও ব্যাপক আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আমেরিকা ইউরোপের কয়েকটি দেশের তুলনায় পিছিয়ে। প্রায় ১১ শতাংশ আমেরিকান ১০ বা তার বেশি দেশ ভ্রমণ করেছেন।

তালিকার একেবারে শেষে রয়েছে ভারত। মাত্র ৩ শতাংশ ভারতীয় জানিয়েছেন, তারা অন্তত একবার বিদেশ গেছেন। অর্থাৎ বিপুল সংখ্যক ভারতীয়র এখনো দেশের বাইরে যাওয়ার অভিজ্ঞতা নেই। ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। তবে সমীক্ষায় দেখা যায়, সুযোগ পেলে অনেক ভারতীয় বিদেশ যেতে চান। আবার প্রায় ২৯ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা বিদেশ ভ্রমণে আগ্রহী নন।

বিদেশ ভ্রমণের হার নির্ভর করছে আয় ও শিক্ষার ওপরও। উচ্চ আয়ের দেশগুলোতে আন্তর্জাতিক ভ্রমণ অনেক বেশি। একই দেশের মধ্যেও বেশি আয় করা মানুষদের বিদেশ যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। যুক্তরাষ্ট্রে বেশি উপার্জনকারীদের ৯১ শতাংশ অন্তত একবার বিদেশ গেছেন, যেখানে কম আয়ের মানুষের মধ্যে এ হার ৬৬ শতাংশ। শিক্ষার সঙ্গেও ভ্রমণের যোগ রয়েছে, বেশি শিক্ষিত মানুষদের বিদেশ যাওয়ার সম্ভাবনা বেশি।

সমীক্ষায় দেখা গেছে, ২৪টি দেশের গড় হিসাবে ৩৪ শতাংশ মানুষ ১ থেকে ৪টি দেশ ভ্রমণ করেছেন, ১৭ শতাংশ ৫ থেকে ৯টি দেশ এবং ১৩ শতাংশ ১০ বা তার বেশি দেশ ঘুরেছেন। সুইডেন ও নেদারল্যান্ডসে অর্ধেকেরও বেশি মানুষ ১০ বা তার বেশি দেশ ভ্রমণ করেছেন।

গবেষণায় আরো বলা হয়েছে, যারা বেশি দেশ ভ্রমণ করেছেন তারা বিশ্বের অন্যান্য দেশের মানুষের সঙ্গে নিজেদের বেশি সংযুক্ত মনে করেন। অর্থাৎ আন্তর্জাতিক ভ্রমণ শুধু পর্যটন নয়, মানুষের বিশ্বদৃষ্টিভঙ্গি ও আন্তর্জাতিক বিষয়ে আগ্রহ বাড়াতেও ভূমিকা রাখে।

Logo