কানাডায় বাংলাদেশি নারী পাচার; ২ রেস্তোরাঁ মালিকের সাজা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৩:৩৫
কানাডার সাসকাচুয়ান প্রদেশে দুই রেস্তোরাঁ মালিককে মানব পাচারের দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। তারা একজন বাংলাদেশি নারীকে শোষণ ও নির্যাতন করেছিলেন বলে আদালতের রায়ে প্রমাণিত হয়েছে। অভিযুক্তরা হলেন মোহাম্মদ মাসুম (৪৪) এবং সোহেল হায়দার (৫৫)। ৭ আগস্ট সাসকাটুন প্রাদেশিক আদালতের বিচারক মিগুয়েল মার্টিনেজ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই তাদের হেফাজতে নেওয়া হয়। দেশটির শীর্ষ সংবাদ সংস্থা সিবিসি নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।
আদালতে বিচারক বলেন, “দুই অভিযুক্তই ওই নারীর দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেদের আর্থিক লাভ করেছে। তারা নিয়োগকর্তা হিসেবে এবং সাংস্কৃতিক কর্তৃত্ব ব্যবহার করে তার চলাফেরা নিয়ন্ত্রণ করেছে। কানাডা থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে শোষণ করেছে।”
মাসুমের বিরুদ্ধে যৌন নিপীড়নের তিনটি অভিযোগও আনা হয়েছিল। আদালত তাকে সবগুলোতেই দোষী সাব্যস্ত করেছে। বিচারক জানান, মাসুম ওই নারীকে অন্তত আটবার যৌন নিপীড়ন করেছেন। এমনকি তার পাসপোর্ট আটকে রেখে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন। নারীর পরিচয় আদালতের নির্দেশে গোপন রাখা হয়েছে।
প্রায় সাত সপ্তাহ ধরে চলা দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে এই রায় দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের আগস্টে ওই নারী বাংলাদেশ থেকে কানাডায় আসেন। প্রথমে তিনি সোহেল হায়দারের রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রতিশ্রুতি ছিল মাসে এক হাজার ডলার বেতন ও থাকার ব্যবস্থা। কিন্তু তাকে বিনা বেতনে দীর্ঘ সময় কাজ করানো হয়।
পরে তাকে মাসুমের রেস্তোরাঁয় পাঠানো হয়। সেখানে প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করতে হতো, সপ্তাহে ছয় দিন। একদিন ছুটি পেলেও মাসুম তাকে সাপ্লাই কিনতে নিয়ে যেতেন।
এ সময় স্থানীয় এমএলএ ডগ স্টিল ওই নারীর অবস্থায় উদ্বিগ্ন হয়ে আরেক এমএলএ হিউ নার্লিয়েনকে বিষয়টি জানান। নার্লিয়েন গোপনে ওই নারীর হাতে সামাজিক কর্মীর যোগাযোগ নম্বর দেন। পরে সামাজিক কর্মী ও এমএলএরা পরিকল্পনা করে তাকে উদ্ধার করেন।
২০২৩ সালের মার্চে তাকে নিরাপদে বের করে আনা হয়।
বিচারক রায়ে বলেন, এমএলএ ও সামাজিক কর্মীর সাক্ষ্য অত্যন্ত বিশ্বাসযোগ্য। নারীর সাক্ষ্যও নির্ভরযোগ্য। অন্যদিকে অভিযুক্তদের সাক্ষ্য অস্পষ্ট ও অবিশ্বাস্য।
মানব পাচারের অপরাধে সর্বোচ্চ সাজা আজীবন কারাদণ্ড এবং ন্যূনতম চার বছরের সাজা হতে পারে। আগামী সপ্তাহে তাদের সাজা ঘোষণার তারিখ নির্ধারণ হবে।
logo-1-1740906910.png)