Logo
×

Follow Us

এশিয়া

কম্বোডিয়ায় ১০ দিনে ৭৭৭ বিদেশি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:০০

কম্বোডিয়ায় ১০ দিনে ৭৭৭ বিদেশি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ

কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ জেনারেল ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন গত ২১ জুলাই থেকে শুরু করে টানা ১০ দিনের অভিযানে মোট ৭৭৭ বিদেশি নাগরিককে দেশ থেকে বহিষ্কার করেছে। এদের মধ্যে ১২০ জন নারীও রয়েছেন। বহিষ্কৃতরা ১৯টি দেশের নাগরিক, যাদের বিরুদ্ধে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছে ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ান, জাপান, নাইজেরিয়া, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার, লাইবেরিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, ভারত, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিক। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫৮ জন চীনা নাগরিককে বহিষ্কার করা হয়েছে, যারা প্রযুক্তিভিত্তিক প্রতারণামূলক অপরাধে জড়িত ছিলেন। তাদের বিশেষ ফ্লাইটে টেচো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

বাকি বিদেশিদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে অবৈধ সীমান্ত অতিক্রম, নথি জালিয়াতি, ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থান, বৈধ পাসপোর্ট ছাড়া থাকা, চাঁদাবাজি, ভুয়া ভিসা বা কিউআর কোড ব্যবহার, মাদক পাচার ও সেবন, অবৈধ কর্মসংস্থান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড।

উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখার নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। জেনারেল ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সোক ভিয়াসনা সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন আইন লঙ্ঘনকারীদের দ্রুত বহিষ্কার করতে।

প্রধানমন্ত্রী হুন মানেত বারবার বলেছেন, কম্বোডিয়ার ভূখণ্ড কোনো অপরাধী বা অবৈধ গোষ্ঠীর ঘাঁটি হতে দেওয়া হবে না। বিশেষ করে অনলাইন প্রতারণা ও প্রযুক্তিভিত্তিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিভিত্তিক অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী নেটওয়ার্ক ভেঙে দেওয়া, মূল হোতাদের গ্রেপ্তার এবং প্রতারণায় জড়িত ভুক্তভোগীদের উদ্ধার করে নিরাপদে দেশে ফেরানোর উদ্যোগ চলবে।

Logo