নিউজিল্যান্ডে দক্ষ অভিবাসী ভিসায় বড় পরিবর্তন আসছে ২৪ আগস্ট থেকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৪৩
নিউজিল্যান্ডে দক্ষ অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া স্কিলড মাইগ্রান্ট ক্যাটাগরি রেসিডেন্ট ভিসাতে বড় পরিবর্তন আসছে আগামী ২৪ আগস্ট থেকে। দেশটির সরকার জানিয়েছে, নতুন নিয়মে আবেদনকারীরা শুধু কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জন করতে পারবেন। একই সঙ্গে পয়েন্টভিত্তিক ব্যবস্থা ও বেতনসীমা সংশোধন করা হচ্ছে।
স্কিলড ওয়ার্ক এক্সপেরিয়েন্স পথে আবেদনকারীদের অন্তত তিন বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং নিউজিল্যান্ডে আরো দুই বছর দক্ষ কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। চাকরিটি অবশ্যই ANZSCO স্কিল লেভেল ১-৩ এর মধ্যে হতে হবে এবং বেতন হতে হবে নির্ধারিত সীমার ওপরে। তবে স্ব-নিয়োজিত কাজকে অভিজ্ঞতা হিসেবে গণনা করা হবে না।
ট্রেডস অ্যান্ড টেকনিশিয়ান পথে আবেদনকারীদের যোগ্যতা থাকতে হবে নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড ক্রেডেনশিয়ালস ফ্রেমওয়ার্ক (NZQCF) লেভেল ৪ বা তার ওপরে। পাশাপাশি ২.৫ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং নিউজিল্যান্ডে অতিরিক্ত ১.৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি ডিগ্রিধারীদের জন্য নিউ জিল্যান্ড কোয়ালিফিকেশন অথরিটি (NZQA) থেকে আন্তর্জাতিক যোগ্যতা মূল্যায়ন (IQA) বাধ্যতামূলক।
বর্তমান পয়েন্টভিত্তিক পথ চালু থাকলেও কিছু পরিবর্তন আসছে। নিউজিল্যান্ডের যোগ্যতা থাকলে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যাবে। বিদেশি ব্যাচেলর ডিগ্রি ও পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেটের জন্যও বেশি পয়েন্ট দেওয়া হবে। ফলে ছয় পয়েন্টের শর্ত পূরণ করতে কম অভিজ্ঞতাই যথেষ্ট হবে।
অ্যাকাউন্টিং পেশায় যারা নিউজিল্যান্ডে Qualified Statutory Accountant হিসেবে কাজ করতে পারবেন এবং CPA Australia-এর সদস্য, তারা সরাসরি ছয় পয়েন্ট দাবি করতে পারবেন।
যোগ্য পেশাগত নিবন্ধনের মাধ্যমে আবেদনকারীদের ইংরেজি ভাষা পরীক্ষার ফলাফলের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। একই নিয়ম সঙ্গীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে যদি তারা যোগ্য নিবন্ধনধারী হন।
নতুন নিয়মে আবেদনকারীদের শুধু সেই সময়কার বেতনসীমা পূরণ করতে হবে যখন তারা কাজের অভিজ্ঞতা অর্জন শুরু করেছিলেন। বর্তমান চাকরি বা অফারের জন্য বাড়তি বেতনসীমা পূরণ করতে হবে না। এ নিয়ম অন্যান্য দক্ষ অভিবাসী ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সরকার জানিয়েছে, সব খসড়া (ড্রাফট) এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) ২৪ আগস্টে বাতিল হয়ে যাবে। নতুন ফর্ম চালু হবে ওই দিন থেকে। যারা বর্তমান নিয়মে আবেদন করতে চান, তাদের অবশ্যই ২৪ আগস্টের আগে EOI জমা দিতে হবে।
পরিবর্তনের আগে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে যোগ্যতা যাচাই করতে, কাজের অভিজ্ঞতা পর্যালোচনা করতে এবং প্রয়োজনে IQA সংগ্রহ করতে। একই সঙ্গে নিয়োগকর্তার সঙ্গে আলোচনা করে নিশ্চিত করতে হবে যে চাকরি ও বেতন নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
logo-1-1740906910.png)