Logo
×

Follow Us

ইউরোপ

গ্রিসে আট মানব পাচারকারী গ্রেপ্তার, উদ্ধার ২২ অভিবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:০৯

গ্রিসে আট মানব পাচারকারী গ্রেপ্তার, উদ্ধার ২২ অভিবাসী

গ্রিসের উত্তরাঞ্চলে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের পরিবহনের অভিযোগে পৃথক অভিযানে অন্তত আটজন সন্দেহভাজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন মোটরসাইকেলে অভিবাসী বহন করছিল বলে জানা গেছে। ইউরোপভিত্তিক সংবাদ সংস্থা ইনফোমাইগ্র্যান্টস এ সংবাদ প্রকাশ করেছে।

পুলিশি তথ্য অনুযায়ী, তুরস্ক সীমান্তসংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলে দুই বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে যথাক্রমে পাঁচ ও তিনজন অভিবাসীকে সালোনিকির দিকে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। একই এলাকায় মঙ্গলবার আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে একজন গ্রিক নাগরিকও রয়েছেন। অভিযুক্তরা মোট ২২ জন অভিবাসীকে পরিবহন করছিলেন।

একটি ঘটনায় এক পাচারকারী মোটরসাইকেলের পেছনে একজন অভিবাসীকে নিয়ে যাচ্ছিলেন। অন্য ঘটনায় আটজন অভিবাসী বহনকারী একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িতে থাকা সবাই আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করতে হয়।

এদিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাস্তোরিয়া অঞ্চলে বুধবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেশী আলবেনিয়া থেকে একজন অভিবাসীকে অবৈধভাবে গ্রিসে প্রবেশে সহায়তার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বর্তমানে মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের অন্যতম প্রধান প্রবেশদ্বার হলো গ্রিস। অধিকাংশ অভিবাসী গ্রিসকে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করে ইউরোপের অন্য দেশে পৌঁছাতে চান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্থল ও সমুদ্রপথে ১৮ হাজার ৫০০-এর বেশি মানুষ অবৈধভাবে গ্রিসে প্রবেশ করেছেন। এদের প্রায় অর্ধেক তুরস্ক হয়ে এবং বাকি অংশ লিবিয়া থেকে ছোট নৌকায় করে গ্রিসে পৌঁছেছেন। একই সময়ে ইতালিতে প্রায় ১৬ হাজার এবং স্পেনে ১৫ হাজারেরও কম অভিবাসী পৌঁছেছেন।

২০২৫ সালে পুরো বছরজুড়ে প্রায় ৪৯ হাজার মানুষ গ্রিসে পৌঁছেছিলেন। চলতি বছরের প্রবাহ দেখে ধারণা করা হচ্ছে, গ্রিসে অভিবাসীদের চাপ আরো বাড়বে।

Logo