এবার যুক্তরাষ্ট্র দিচ্ছে ট্রাম্পের ছবিযুক্ত বিশেষ পাসপোর্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৪২
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, এবার থেকে দেশজুড়ে ২৭টি পাসপোর্ট অফিসে পাওয়া যাবে সীমিত সংস্করণের বিশেষ পাসপোর্ট, যেখানে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি থাকবে। আগে এই পাসপোর্ট কেবল ওয়াশিংটন ডিসির অফিসে পাওয়া যেত।
এই বিশেষ পাসপোর্টকে বলা হচ্ছে “প্যাট্রিয়ট পাসপোর্ট”। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে এটি প্রকাশ করা হচ্ছে। সরকার জানিয়েছে, প্রায় আড়াই লাখ পাসপোর্ট দেশজুড়ে বিতরণ করা হবে।
এই পাসপোর্টে ট্রাম্পের ছবি থাকবে ভেতরের একটি পাতায়, যেখানে তার স্বাক্ষরের সোনালি ছাপও যুক্ত করা হয়েছে। প্রচলিত পাসপোর্টের কাভারে উপরে “United States of America” এবং নিচে “Passport” লেখা থাকে। নতুন সংস্করণে এই লেখাগুলো সোনালি অক্ষরে ছাপা হয়েছে এবং কাভারের নিচে যুক্ত করা হয়েছে একটি ছোট সোনালি আমেরিকান পতাকা, যার চারপাশে তারকা দিয়ে ঘেরা সংখ্যা ২৫০।
এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার কোনো জীবিত প্রেসিডেন্টকে পাসপোর্টে স্থান দেওয়া হলো। এর আগে কেবল মাউন্ট রাশমোরের চার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, থিওডর রুজভেল্ট ও আব্রাহাম লিংকনের ছবি পাসপোর্টে ছিল। এছাড়া স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি, লিবার্টি বেল, ফিলাডেলফিয়ার ইনডিপেনডেন্স হল এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যও প্রচলিত পাসপোর্টে দেখা যায়।
আগামী ৮ আগস্ট থেকে কলোরাডোর সেন্টেনিয়াল, শিকাগো, ডালাস, ডেট্রয়েট, নিউ অরলিন্স, নিউ ইয়র্ক এবং কানেকটিকাটের স্ট্যামফোর্ডসহ কয়েকটি শহরের পাসপোর্ট অফিসে একদিনের বিশেষ অনুষ্ঠানে এই পাসপোর্ট দেওয়া হবে। পরে আরো অফিসে এই সুযোগ চালু হবে।
যারা এই সীমিত সংস্করণের পাসপোর্ট চান, তাদের নির্দিষ্ট দিনে সরাসরি গিয়ে আবেদন করতে হবে। প্রচলিত পাসপোর্টের জন্য আলাদা দিনে আবেদন করতে হবে।
ট্রাম্পের নাম ও ছবি যুক্তরাষ্ট্রে নানা জায়গায় ব্যবহার করা হচ্ছে। এর আগে তার ছবি দেওয়া সোনালি স্মারক মুদ্রা প্রকাশ করেছে ইউএস মিন্ট। এমনকি নতুন কাগুজে মুদ্রায় তার স্বাক্ষর যুক্ত করার উদ্যোগও চলছে। সমালোচকরা বলছেন, এ ধরনের পদক্ষেপ রাজনৈতিকভাবে বিতর্কিত এবং সরকারি নথিকে ব্যক্তিকেন্দ্রিক করে তুলছে।
তবে সমর্থকদের মতে, স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ দেশপ্রেমের প্রতীক হয়ে উঠবে।
logo-1-1740906910.png)