বিদেশে পড়াশোনা, চাকরি বা অভিবাসনের পরিকল্পনা করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ইংরেজি দক্ষতা পরীক্ষা আইইএলটিএসের স্কোর কত দিন বৈধ থাকে। কারণ নির্দিষ্ট সময় পর স্কোরের মেয়াদ শেষ হয়ে যায় এবং নতুন করে পরীক্ষা দিতে হয়। তাই আবেদন করার আগে স্কোরের বৈধতা যাচাই করা অত্যন্ত জরুরি।
বর্তমান নিয়ম অনুযায়ী, অধিকাংশ দেশে আইইএলটিএস স্কোর ফল প্রকাশের তারিখ থেকে দুই বছর পর্যন্ত বৈধ থাকে। পরীক্ষার্থীর টেস্ট রিপোর্ট ফরমে (TRF) স্কোরের পাশাপাশি বৈধতার সময়ও উল্লেখ থাকে। এতে সামগ্রিক স্কোরের সঙ্গে লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিংয়ের আলাদা স্কোরও থাকে।
দুই বছর পার হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি কিংবা শিক্ষার্থী ভিসার আবেদনের জন্য ওই স্কোর আর গ্রহণযোগ্য থাকে না। ফলে নতুন করে পরীক্ষা দিয়ে আবার স্কোর অর্জন করতে হয়।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সাধারণত দুই বছরের বেশি পুরোনো স্কোর গ্রহণ করে না। কানাডায় স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদনকারীদের ক্ষেত্রেও আবেদন প্রক্রিয়ার সময় স্কোর বৈধ থাকতে হয়।
তবে অস্ট্রেলিয়ার কিছু ‘স্কিলড মাইগ্রেশন’ কর্মসূচিতে নির্দিষ্ট শর্তে তিন বছর পর্যন্ত পুরোনো আইইএলটিএস স্কোর গ্রহণ করা হতে পারে। কিন্তু সাধারণ পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে তিন বছরের নিয়ম নেই।
আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক চালু রয়েছে। এতে পরীক্ষার্থীরা লিসেনিং, রিডিং, রাইটিং বা স্পিকিংয়ের মধ্যে যেকোনো একটি অংশ আবার দিতে পারেন। প্রথম পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারেন। ওয়ান স্কিল রিটেকের ফলও সাধারণভাবে দুই বছর বৈধ থাকে। তবে সব বিশ্ববিদ্যালয় বা অভিবাসন কর্তৃপক্ষ এই ফল গ্রহণ করে না। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম জেনে নেওয়া জরুরি।
কোনো শিক্ষার্থী যদি ২০২৬ সালের ১ আগস্ট আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন, তার স্কোর ২০২৮ সালের ৩১ জুলাই পর্যন্ত বৈধ থাকবে। এরপর নতুন কোনো আবেদন করতে হলে আবার পরীক্ষা দিতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে পড়াশোনার পরিকল্পনা করলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সময়সূচি, বৃত্তির আবেদন ও ভিসা প্রক্রিয়ার সঙ্গে মিল রেখে পরীক্ষা দেওয়া উচিত। এতে স্কোরের মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
logo-1-1740906910.png)