মালয়েশিয়া ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৬
মিয়ানমার তাদের দেশে রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার।
২৯ জুলাই চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় আনোয়ার ইব্রাহিম বলেন, “এটি মালয়েশিয়ার সঙ্গে মিয়ানমারের শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন। আলোচনার মাধ্যমে আমরা এই অগ্রগতি অর্জন করেছি।”
তিনি আরো বলেন, “প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকেও আরো ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। এ ধরনের বিষয় সতর্ক কূটনীতির মাধ্যমে সমাধান করতে হয়।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের কারণে জনশৃঙ্খলা বিঘ্ন হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, “আমি চাই না রোহিঙ্গারা সড়ক ও জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করুক। এটি মালয়েশিয়া, তারা আমাদের বিরক্ত করতে পারে না। পুলিশ প্রয়োজনে ব্যবস্থা নেবে।”
আনোয়ার ইব্রাহিম বলেন, অতীতে অনেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি তুললেও তা বাস্তবায়ন করা কঠিন ছিল। কারণ মিয়ানমার তাদের ফেরত নিতে রাজি ছিল না। “মানুষ বলত তাদের ফেরত পাঠাও, কিন্তু কোথায় পাঠাব? আগে মিয়ানমার তাদের নিতে চাইত না। তাই আমাদের নির্ধারিত স্থানে রাখতে হয়েছে।”
তিনি রোহিঙ্গাদের মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হওয়ার জন্য সতর্ক করেন। তিনি বলেন, “আমি রোহিঙ্গাদের বলেছি, মালয়েশিয়ানদের ব্যবসায় বাধা দেবে না, যান চলাচল বা মানুষের বসবাসের এলাকায় বিঘ্ন ঘটাবে না। তা না হলে মানুষ ক্ষুব্ধ হবে।”
আনোয়ার ইব্রাহিম আরো বলেন, “এটি আমাদের দেশ। মালয়েশিয়া আমাদের দেশ। অন্য কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। সে কারণেই আমাদের কঠোর হতে হবে।”
logo-1-1740906910.png)