Logo
×

Follow Us

ইউরোপ

ফ্রান্সে কমেছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:২৭

ফ্রান্সে কমেছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

ফ্রান্সে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদন আগের বছরের তুলনায় কমেছে। তবে আন্তর্জাতিক সুরক্ষার আবেদনকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশ এখনো গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ফ্রান্সের শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষাবিষয়ক দপ্তর অফপ্রার সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৫ সালে ফ্রান্সে আন্তর্জাতিক সুরক্ষার জন্য মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০টি আবেদন জমা পড়ে, যা আগের বছরের তুলনায় ৮ হাজারের বেশি কম। এর মধ্যে প্রথমবারের আবেদন ছিল ১ লাখ ১১ হাজার ৩৪৩টি এবং পুনর্বিবেচনার আবেদন ছিল ৩৩ হাজার ৭১৩টি। প্রথমবারের আবেদন কমেছে ১৪ দশমিক ৪ শতাংশ, বিপরীতে পুনর্বিবেচনার আবেদন বেড়েছে ৪৩ শতাংশ।

প্রথমবারের আবেদনকারীদের তালিকায় শীর্ষে রয়েছে ইউক্রেন, এরপর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং আফগানিস্তান। গিনি, আইভরি কোস্ট, হাইতি, তুরস্ক ও সুদানও তালিকায় রয়েছে।

বাংলাদেশিদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে অফপ্রার সিদ্ধান্তে ৩৯৩ জন বাংলাদেশি শরণার্থী মর্যাদা বা সহায়ক সুরক্ষা পেয়েছেন। একই সময়ে ৪ হাজার ৯০৭টি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। অফপ্রা ও ফ্রান্সের জাতীয় আশ্রয় আদালতের (সিএনডিএ) সম্মিলিত সিদ্ধান্তে মোট ১ হাজার ৩৩৯ জন বাংলাদেশি আন্তর্জাতিক সুরক্ষার স্বীকৃতি পেয়েছেন। এতে বাংলাদেশিদের সুরক্ষা পাওয়ার হার দাঁড়িয়েছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ।

অফপ্রার প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৫ সালে সংস্থাটি ১ লাখ ৫৬ হাজার ৫০০টির বেশি আবেদন নিষ্পত্তি করেছে, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৩ শতাংশ বেশি। এ সময়ে আন্তর্জাতিক সুরক্ষা পেয়েছেন ৭৮ হাজার ৭৮৩ জন। ফ্রান্সে সামগ্রিক সুরক্ষা স্বীকৃতির হার ছিল ৪১ দশমিক ২ শতাংশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবেদন নিষ্পত্তির গতি বাড়ানোর ফলে অপেক্ষমাণ মামলার সংখ্যা প্রায় ১১ শতাংশ কমেছে। একই সময়ে শরণার্থী ও সুরক্ষা পাওয়া ব্যক্তিদের জন্য ৭৯ হাজারের বেশি জন্মসনদ, বিবাহসনদসহ বিভিন্ন নাগরিক নথি ইস্যু করা হয়েছে।

গবেষণা বিভাগে বাংলাদেশও গুরুত্ব পেয়েছে। দেশভিত্তিক গবেষণার মধ্যে বাংলাদেশ ছিল দ্বিতীয় সর্বাধিক আলোচিত দেশ। অন্তত পাঁচটি গবেষণা অনুরোধের ভিত্তিতে তৈরি প্রতিবেদনের ৬ শতাংশ বাংলাদেশকে নিয়ে করা হয়েছে, যা ইউক্রেন ও আফগানিস্তানের সমান।

Logo