প্রায় এক দশক পর নেপালে ভারতীয় নোট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। নেপাল রাষ্ট্র ব্যাংক (এনআরবি) নতুন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় ও নেপালি নাগরিকরা এখন থেকে ২০০ ও ৫০০ রুপির নোট বহন করতে পারবেন। সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২৫ হাজার রুপি।
২০১৬ সালে ভারতে নোট বাতিলের পর নেপালে কেবল ১০০ রুপির নোট ব্যবহারের অনুমতি ছিল। নতুন নিয়মে বলা হয়েছে, ২০১৬ সালের ৯ নভেম্বরের পর ইস্যু করা নতুন নকশার ২০০ ও ৫০০ রুপির নোট বহন করা যাবে। তবে পুরনো ৫০০ ও ১ হাজার রুপির নোট নেপালে এখনো নিষিদ্ধ থাকবে।
নেপাল রাষ্ট্র ব্যাংকের মুখপাত্র গুরু প্রসাদ পাউডেল জানিয়েছেন, নেপালি নাগরিকরা ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে ভারতীয় মুদ্রা নেপালে আনতে পারবেন না। একইভাবে তারা নেপাল থেকে ভারতীয় মুদ্রা নিয়ে অন্য কোনো তৃতীয় দেশে যেতে পারবেন না। এই ব্যবস্থা মূলত ভারতীয় পর্যটক ও ভারতের সঙ্গে ব্যবসায় যুক্ত নেপালি নাগরিকদের সুবিধার্থে চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নেপালি নাগরিক ও বিদেশি পর্যটকরা শুল্ক ঘোষণা ছাড়াই ৫ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেপালে আনতে পারবেন। তবে এর বেশি অর্থ আনলে কাস্টমসে ঘোষণা দিতে হবে। ভারতীয় মুদ্রার ক্ষেত্রে ১০০ রুপি বা তার কম মূল্যমানের নোট হলে সর্বোচ্চ ৫ হাজার ডলারের সমপরিমাণ অর্থ ঘোষণা ছাড়াই আনা যাবে। এর বেশি হলে কাস্টমসে ঘোষণা বাধ্যতামূলক।
ভারত ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করে নতুন নকশার ৫০০ রুপির নোট চালু করে। পাশাপাশি ২ হাজার রুপির নোটও বাজারে আনা হয়, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে। সেই সিদ্ধান্তের পর নেপাল ১০০ রুপির বেশি মূল্যমানের ভারতীয় নোট নিষিদ্ধ করে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী এখন ভারতীয় ও নেপালি নাগরিকরা নতুন নকশার ২০০ ও ৫০০ রুপির নোট বহন করতে পারবেন। তবে আগের মতোই সর্বোচ্চ সীমা থাকবে ২৫ হাজার রুপি। এ সিদ্ধান্তে ভারত ও নেপালের মধ্যে ভ্রমণ ও সীমান্তবর্তী লেনদেন আরো সহজ হবে বলে আশা করা হচ্ছে।
ভারত ও নেপালের মধ্যে উন্মুক্ত সীমান্ত ও ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। ভারত নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দেশটিতে পর্যটকের অন্যতম প্রধান উৎস। হাজার হাজার নেপালি নাগরিক ভারতে বসবাস, চাকরি, পড়াশোনা ও ব্যবসার সঙ্গে যুক্ত। নতুন এই সিদ্ধান্তে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
logo-1-1740906910.png)