Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপে আশ্রয় আবেদন বাতিল হলে পাঠানো হবে আফ্রিকায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৩২

ইউরোপে আশ্রয় আবেদন বাতিল হলে পাঠানো হবে আফ্রিকায়

ইউরোপের শীর্ষ মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপ পাঁচটি ইউরোপীয় দেশকে সতর্ক করেছে আশ্রয়প্রার্থীদের জন্য নতুন রিটার্ন হাব পরিকল্পনা নিয়ে। সংস্থাটি বলছে, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।

গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট অভিবাসন নীতির সংস্কার অনুমোদন করেছে। এতে দ্রুত প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো এবং ইইউর বাইরে তৃতীয় দেশে ডিটেনশন সেন্টার গড়ার সুযোগ রাখা হয়েছে। সমালোচকরা বলছেন, এটি আশ্রয়প্রার্থীদের সুরক্ষা দুর্বল করবে।

কাউন্সিল অব ইউরোপের মানবাধিকার কমিশনার মাইকেল ও’ফ্লাহার্টি অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডসকে চিঠি দিয়ে চারটি ‘গার্ডরেল’ প্রস্তাব করেছেন। এর মধ্যে রয়েছে মানবাধিকার ঝুঁকি মূল্যায়ন, কঠোর নজরদারি, আইনি বাধ্যবাধকতা ও সংসদীয় ও বিচারিক পর্যবেক্ষণ।

নেদারল্যান্ডস জানিয়েছে, তারা গ্রিস, অস্ট্রিয়া, জার্মানি ও ডেনমার্কের সঙ্গে যৌথভাবে তৃতীয় দেশে রিটার্ন ও ট্রানজিট হাব গড়তে কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী রোব জেটেন এটিকে ‘আশ্রয় সংকট’ মোকাবিলার অংশ হিসেবে উল্লেখ করেছেন।

গত মাসে ১৯টি ইইউ সদস্য রাষ্ট্র যৌথভাবে ইউরোপীয় কমিশনকে আহ্বান জানিয়েছে দ্রুত তৃতীয় দেশে অভিবাসন ব্যবস্থা চালু করতে এবং এ ধরনের উদ্যোগে আর্থিক সহায়তা দিতে।

এ উদ্যোগকে ঘিরে ইউরোপজুড়ে বাড়তে থাকা অভিবাসনবিরোধী মনোভাব এবং ডানপন্থি রাজনীতির উত্থানকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

Logo