টানা ৪৯ দিনের আন্দোলনের পর অবশেষে দিল্লির যন্তর মন্তরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সরকারের সঙ্গে তিন দফা বৈঠকের পর সংগঠনটি জানায়, তাদের সব দাবি নীতিগতভাবে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকারের প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই তারা ‘সদিচ্ছার ভিত্তিতে’ আন্দোলন প্রত্যাহার করছে। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে ভবিষ্যতে আবারো কর্মসূচি দেওয়া হবে।
আন্দোলন শুরু হয়েছিল গত ৬ জুন, নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে। সংগঠনটির তিনটি প্রধান দাবি ছিল- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ।
শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সিজেপি জানায়, তাদের প্রথম দাবি পূরণ হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। সিজেপি জানিয়েছে, দিল্লিতে দায়ের করা ১৫ থেকে ২০টি এফআইআর প্রত্যাহারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে।
ক্ষতিপূরণের দাবিও নীতিগতভাবে মেনে নিয়েছে সরকার। নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে বিদ্যমান আইন অনুযায়ী সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়া হবে। যদিও সুনির্দিষ্ট পরিমাণ এখনো ঘোষণা করা হয়নি।
এছাড়া শিক্ষা ও পরীক্ষা সংস্কারের লক্ষ্যে সিজেপি পাঁচ দফা প্রস্তাব দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যতে আরো বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। প্রায় চার সপ্তাহ পর আবারো দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
সিজেপি নেতারা বলছেন, আন্দোলন শেষ হলেও বিষয়টি এখানেই শেষ নয়। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তারা পর্যবেক্ষণ করবে। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতার শর্তগুলো বাস্তবায়িত হলে সেটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হবে, আর ব্যত্যয় ঘটলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
৪৯ দিনের দীর্ঘ আন্দোলনের ইতি টানলেও শিক্ষাব্যবস্থার সংস্কার, পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে সরকারের পদক্ষেপের ওপর নজর রাখবে বলে জানিয়েছে সিজেপি।
logo-1-1740906910.png)