ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক সপ্তাহে ৯০০ অভিবাসী যুক্তরাজ্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:০৫
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের প্রথম সপ্তাহেই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রায় ৯০০ অবৈধ অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে। ২৫ জুলাই আরো কয়েকশ অভিবাসী পৌঁছানোর পর চলতি বছরের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০০ জনের বেশি।
সাম্প্রতিক সময়ে পাচারকারী চক্রগুলো নতুন কৌশল নিয়েছে। তারা কম সংখ্যক নৌকা ব্যবহার করে প্রতিটি নৌকায় বেশি সংখ্যক মানুষ তুলছে। বৃহস্পতিবার সকালে একটি “মেগা ডিঙ্গি”তে একসঙ্গে ১৬৫ জনকে পাঠানো হয়, যা একক নৌকায় সর্বাধিক অভিবাসী পাঠানোর নতুন রেকর্ড। এর আগে জুলাই মাসে এক নৌকায় ১২৮ জনকে পাঠানো হয়েছিল।
অভিবাসন বিষয়ক দাতব্য সংস্থা ইউটোপিয়া ৫৬ অভিযোগ করেছে, ফরাসি পুলিশ নতুন বিপজ্জনক কৌশল নিয়েছে, যা অভিবাসীদের জীবনকে ঝুঁকিতে ফেলছে। সংস্থাটি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, ফরাসি পুলিশের একটি হেলিকপ্টার অভিবাসীদের তাড়া করছে। অন্যদিকে, কেয়ার ফর ক্যালেইস জানিয়েছে, নৌকায় অতিরিক্ত মানুষ তোলার কারণে যাত্রাপথ আরো বিপজ্জনক হয়ে উঠছে। সংস্থার প্রধান কর্মকর্তা সিডনি সোফার বলেন, “বছরের পর বছর সীমান্ত নিরাপত্তায় জোর দেওয়া হলেও এর ফলে কেবল চ্যানেল পাড়ি আরো বিপজ্জনক হয়েছে। নিরাপদ পথ খুলে দিলে এই বিপর্যয় রাতারাতি বন্ধ করা সম্ভব।”
হোম অফিসের তথ্য অনুযায়ী, বুধবার ১৭২ জন, বৃহস্পতিবার ৩৬৬ জন এবং শুক্রবার আরো ১০৩ জন অভিবাসী চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। শনিবার আবারো ২৪০ জন অভিবাসী এসেছে। হোম অফিসের এক মুখপাত্র বলেন, “পাচারকারী চক্রগুলো এখন আগের চেয়ে বেশি ঝুঁকি নিচ্ছে। অযোগ্য নৌকায় অতিরিক্ত মানুষ তোলার কারণে প্রাণহানি ঘটছে।” তিনি জানান, ফ্রান্সের সঙ্গে নতুন চুক্তি হয়েছে যাতে সমুদ্রতীরে নজরদারি বাড়ানো যায় এবং বিপজ্জনক যাত্রা রোধ করা যায়।
তবে জনমত জরিপে দেখা যাচ্ছে, ব্রিটিশদের তিন ভাগের দুই ভাগ মনে করেন বার্নহ্যাম ছোট নৌকার প্রবাহ বন্ধ করতে পারবেন না। মেরলিন স্ট্র্যাটেজির সাম্প্রতিক জরিপে মাত্র ১৮ শতাংশ মানুষ বার্নহ্যামের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
logo-1-1740906910.png)