সার্বিয়ায় ফুলফান্ড স্কলারশিপে বিদেশি শিক্ষার্থীদের সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৫
সার্বিয়া সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সব স্তরের পড়াশোনায় অংশ নিতে পারবেন আফ্রিকা, এশিয়া, মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর শিক্ষার্থীরা। এ উদ্যোগটি ‘ওয়ার্ল্ড ইন সার্বিয়া’ প্রকল্পের অংশ। বর্তমানে ১২৭ দেশের ৫৩৬ জন শিক্ষার্থী এ প্রকল্পে সার্বিয়ায় পড়াশোনা করছেন।
এ প্রকল্পে নির্বাচিত শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি ছাত্রাবাসে থাকার সুযোগ, খাবার, মাসিক ভাতা এবং স্বাস্থ্যবিমা পান। পড়াশোনার আগে শিক্ষার্থীদের বিনামূল্যে সার্বিয়ান ভাষা শেখানো হয়। তবে যারা প্রকল্পের বাইরে পড়াশোনা করতে চান, তারা ইংরেজি ভাষায়ও পড়াশোনা করতে পারেন।
প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয় প্রতিযোগিতা ঘোষণা করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় কনস্যুলার অফিসের মাধ্যমে আবেদন সংগ্রহ করে। শিক্ষার্থীরা বেলগ্রেড, নোভি সাদ, নিশ ও ক্রাগুজেভাক শহরের ছাত্রাবাসে থাকেন। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের পূর্ববর্তী ডিগ্রির স্বীকৃতি ও নথি অনুবাদে সহায়তা করে।
সার্বিয়া প্রতিবেশী দেশগুলোর সার্বিয়ান সম্প্রদায়ের জন্যও বিশেষ বৃত্তি চালু করেছে। ‘সার্বিয়া ফর সার্বিয়ানস ফ্রম দ্য রিজিয়ন’ প্রকল্পের আওতায় প্রতি বছর ৮০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, আলবেনিয়া ও হাঙ্গেরির সার্বিয়ান সম্প্রদায়ের শিক্ষার্থীরা এ সুযোগ পান। তারা বিনামূল্যে পড়াশোনা, আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতা পান।
সার্বিয়া সিইপাস (CEEPUS) নামের মধ্য ইউরোপীয় বিশ্ববিদ্যালয় বিনিময় কর্মসূচিতেও অংশ নিচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা একাডেমিক মোবিলিটি, গবেষণা, পাঠদান ও গ্রীষ্মকালীন স্কুলে অংশ নিতে পারেন। ১৯৯৪ সালে শুরু হওয়া এ প্রোগ্রামে ইতোমধ্যে ৭৫ হাজারের বেশি বিনিময় সম্পন্ন হয়েছে। সার্বিয়ায় এ প্রকল্প পরিচালনা করছে টেম্পাস ফাউন্ডেশন।
এছাড়া সার্বিয়া প্রতি বছর দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেয়। চীন, রাশিয়া, ইউক্রেন, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া, ইতালি, গ্রিস, রোমানিয়া ও বাভারিয়ার শিক্ষার্থীরা এ সুযোগ পান। তারা মাস্টার্স, পিএইচডি বা পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে পারেন। বৃত্তির মেয়াদ তিন থেকে বারো মাস। শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনা, আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা এবং মাসিক ১৫ হাজার দিনার ভাতা পান। প্রতিরবছর প্রায় ৬০ জন বিদেশি শিক্ষার্থী এ সুযোগ পান। সার্বিয়া সরকারের সব ধরনের স্কলারশিপের আপডেট পাওয়া যাবে https://prosveta.gov.rs/ - এই লিংকে।
logo-1-1740906910.png)