এশিয়ায় ভুয়া চাকরির ফাঁদ; ২৮৯ রুয়ান্ডান নাগরিক উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৪
রুয়ান্ডার সরকার মানব পাচারের শিকার হয়ে এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়া অন্তত ২৮৯ জন নাগরিককে উদ্ধার করেছে। এদের বেশির ভাগই তরুণ, যাদের ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে পাচারকারীরা বিদেশে নিয়ে গিয়েছিল। জুলাই ২০২৫ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
রুয়ান্ডার বিচারমন্ত্রী ইমানুয়েল উগিরাশেবুজা সেনেটের পররাষ্ট্র, জাতীয় ঐক্য ও নিরাপত্তা কমিটির সামনে এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, সরকার, বিদেশে থাকা কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত প্রচেষ্টায় এ উদ্ধার সম্ভব হয়েছে।
মন্ত্রী বলেন, পাচারকারীরা রুয়ান্ডায় তরুণদের কাছে বিদেশে লাভজনক চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে সেখানে পৌঁছানোর পর তাদের শোষণ ও প্রতারণার শিকার হতে হয়। অনেককে জোরপূর্বক কাজ করানো হয়, আবার অনেককে অমানবিক পরিস্থিতিতে আটকে রাখা হয়।
উদ্ধারকৃতদের দেশে ফিরিয়ে আনার পর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সরকার জানিয়েছে, ভুক্তভোগীদের জন্য স্বাস্থ্যসেবা, মানসিক সহায়তা এবং পুনঃপ্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে মানব পাচার রোধে সচেতনতা বাড়াতে জাতীয় পর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে।
রুয়ান্ডা সরকার বলছে, এ ধরনের অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। পাচারকারীরা সীমান্ত পেরিয়ে কাজ করে, তাই এককভাবে কোনো দেশ এ সমস্যার সমাধান করতে পারে না। আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় ভুক্তভোগীদের খুঁজে বের করা এবং দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
logo-1-1740906910.png)