Logo
×

Follow Us

ইউরোপ

ব্রিটিশ নাগরিকত্ব পেতে সাতটি রাস্তা খোলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৪:৩১

ব্রিটিশ নাগরিকত্ব পেতে সাতটি রাস্তা খোলা

যুক্তরাজ্য বিদেশিদের জন্য ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সাতটি উপায় প্রকাশ করেছে। জন্ম, বিবাহ, বংশসূত্র, আইরিশ নাগরিকত্ব, কমনওয়েলথ নাগরিকত্ব, রাষ্ট্রহীনতা এবং নাগরিকত্ব ত্যাগের পর পুনরায় আবেদন; এই সাতটি যোগ্যতার ভিত্তিতে বিদেশিরা ব্রিটিশ নাগরিক হতে পারবেন।

জন্মসূত্রে নাগরিকত্ব: যদি কেউ যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে তিনি স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ নাগরিক হতে পারেন। এ ক্ষেত্রে আলাদা করে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে।

বিবাহের মাধ্যমে নাগরিকত্ব: কোনো বিদেশি যদি ব্রিটিশ নাগরিককে বিয়ে করেন, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শর্ত হলো, আবেদনকারীকে অন্তত তিন বছর যুক্তরাজ্যে বসবাস করতে হবে এবং তার স্থায়ী বসবাসের অনুমতি (ILR) বা ইইউ সেটেলমেন্ট স্কিমের অধীনে থাকতে হবে।

আইরিশ নাগরিকত্ব: আইরিশ নাগরিকরা যুক্তরাজ্যে পাঁচ বছর বসবাসের পর ব্রিটিশ নাগরিকত্বের জন্য যোগ্য হতে পারেন।

রাষ্ট্রহীনদের জন্য সুযোগ: যারা কোনো দেশের নাগরিক হিসেবে স্বীকৃত নন, তারা ব্রিটিশ নাগরিকত্বের জন্য নিবন্ধন করতে পারবেন।

নাগরিকত্ব ত্যাগের পর পুনরায় আবেদন: কেউ যদি পূর্বে নিজের নাগরিকত্ব ত্যাগ করে থাকেন, তবে যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করে ব্রিটিশ নাগরিক হতে পারবেন।

কমনওয়েলথ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা: কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, যদি তাদের বাবা-মা ১৯৭৩ সালের আগে যুক্তরাজ্যে এসে থাকেন এবং তারা দীর্ঘ সময় দেশটিতে বসবাস করে থাকেন। তবে শর্ত হলো, তারা দুই বছরের বেশি সময় যুক্তরাজ্যের বাইরে থাকতে পারবেন না।

বংশসূত্রে নাগরিকত্ব: যারা যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেননি, কিন্তু তাদের বাবা বা মা যুক্তরাজ্যে জন্মেছেন, তারাও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

নাগরিকত্বের আবেদন অনুমোদিত হলে আবেদনকারীদের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে হবে। এ অনুষ্ঠানকে বলা হয় Citizenship Ceremony, যেখানে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব প্রদান করা হয়।

যুক্তরাজ্যের নতুন নির্দেশনায় বিদেশিদের জন্য নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরো স্পষ্ট করা হয়েছে। জন্ম, বিবাহ, বংশসূত্র কিংবা কমনওয়েলথ নাগরিকত্ব; বিভিন্ন পথের মাধ্যমে বিদেশিরা ব্রিটিশ নাগরিক হতে পারবেন। এতে আবেদনকারীরা নিজেদের পরিস্থিতি অনুযায়ী সঠিক পথ বেছে নিতে পারবেন।

Logo