বিশ্বকাপে মানব পাচারবিরোধী অভিযানে নিউ জার্সিতে ৭১ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৫
যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপ চলাকালে নিউ জার্সি রাজ্যে পরিচালিত মানব পাচারবিরোধী অভিযানে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৯৭ জন সম্ভাব্য ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট ২০ জুলাই এ তথ্য জানান। অভিযানে স্থানীয়, কাউন্টি, রাজ্য ও ফেডারেল পর্যায়ের মোট ৪৪টি আইন প্রয়োগকারী সংস্থা অংশ নেয়।
এটি নিউ জার্সির ইতিহাসে মানব পাচারবিরোধী সবচেয়ে বড় অভিযান হলেও গত পাঁচ বছরে এ ধরনের একাধিক অভিযান পরিচালনা করেছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
২০২৬ সালের ১৫ মে সেন্ট্রাল ও সাউথ জার্সিতে মানব পাচার চক্র পরিচালনার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে দেখা যায়, তারা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে নারীদের যৌনকাজে বাধ্য করত এবং মাদক সরবরাহ করতে বলত। অভিযানে তিনটি বাড়ি ও তিনটি হোটেল থেকে ১৫ জন ভুক্তভোগী উদ্ধার হয়। এক হোটেল থেকে নগদ অর্থ ও মাদকও জব্দ করা হয়।
২০২৫ সালের ১ জুলাই ট্রেন্টন ও ক্যামডেনে পাঁচটি স্থানে পতিতালয় পরিচালনার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়। সেখানে মাত্র ৫০ ডলারে ১৫ মিনিটের যৌনকাজ বিক্রি হতো। অভিযানে ১৫ জন ভুক্তভোগী উদ্ধার হয়।
২০২৪ সালের ৩ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ জার্সিতে দুটি মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা হয়। এসেক্স কাউন্টিতে এক নারী কিশোরীদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে যৌনকাজে বাধ্য করত। অন্যদিকে কাম্বারল্যান্ড কাউন্টিতে প্রতি সপ্তাহে নতুন নারীদের এনে যৌনকাজে নিযুক্ত করা হতো।
২০২২ সালের ২৯ আগস্ট মার্সার ও মনমাউথ কাউন্টিতে মানব পাচার ও পতিতালয় পরিচালনার অভিযোগে আটজনকে অভিযুক্ত করা হয়। সেখানে ভুক্তভোগীদের দুই বাড়ির মধ্যে ঘুরিয়ে নিয়ে যাওয়া হতো। পুরুষরা পোকার চিপ কিনে নির্দিষ্ট সময়ের জন্য নারী বেছে নিত। অভিযানে তিনজন ভুক্তভোগী উদ্ধার হয়, যার মধ্যে একজন ছিল ১৭ বছরের কিশোরী।
logo-1-1740906910.png)