Logo
×

Follow Us

ইউরোপ

বেলজিয়ামে স্থায়ী বসবাসের অনুমতি: যেভাবে আবেদন করবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:০২

বেলজিয়ামে স্থায়ী বসবাসের অনুমতি: যেভাবে আবেদন করবেন

ইউরোপের অন্যতম উন্নত দেশ বেলজিয়ামে দীর্ঘ সময় বসবাসরত বিদেশিদের জন্য স্থায়ী আবাসনের অনুমতি পাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে অ-ইইউ নাগরিকদের জন্য এটি নাগরিকত্ব ছাড়া দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ তৈরি করে। স্থায়ী আবাসন সুবিধা পেলে সম্পত্তি কেনা, মর্টগেজ নেওয়া এবং সামাজিক নিরাপত্তা সুবিধা ভোগ করা যায়। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য বিজনেস টাইমস এ সংবাদ প্রকাশ করেছে। 

স্থায়ী আবাসনের জন্য প্রধান শর্ত হলো পাঁচ বছর ধরে বৈধভাবে বেলজিয়ামে বসবাস। এই সময়টিতে দেশ ছাড়ার সুযোগ সীমিত; একটানা ছয় মাসের বেশি বাইরে থাকা যাবে না এবং পুরো পাঁচ বছরে সর্বোচ্চ ১২ মাসের অনুপস্থিতি অনুমোদিত। তবে সামরিক দায়িত্ব, গর্ভধারণ ও সন্তান জন্ম, গুরুতর অসুস্থতা, পড়াশোনা বা চাকরির কারণে বিদেশে থাকা বিশেষ ক্ষেত্রে অনুমোদিত।

আবেদনকারীর বৈধ ভিসা বা পারমিট থাকতে হবে এবং প্রমাণ দিতে হবে যে তিনি বর্তমানে কর্মরত বা আয় করছেন। স্থায়ী ও নিয়মিত মাসিক আয়, স্বাস্থ্যবীমা এবং গুরুতর অপরাধে দণ্ডিত না হওয়ার শর্তও পূরণ করতে হবে।

আবেদন স্থানীয় কমিউনের মাধ্যমে জমা দিতে হয়। বেশির ভাগ ক্ষেত্রে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হয়, তবে কিছু এলাকায় অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, গত পাঁচ বছরের বসবাসের প্রমাণ, স্বাস্থ্যবীমার কাগজ, আয় সংক্রান্ত তথ্য এবং দুটি পাসপোর্ট সাইজ ছবি।

কমিউন আবেদনটি ইমিগ্রেশন অফিসে পাঠায়, যেখানে পাঁচ মাসের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হয়। অনুমোদন পেলে আবেদনকারী স্থায়ী আবাসনের কার্ড সংগ্রহ করতে পারেন। খরচ সাধারণত ১০ থেকে ২৫ ইউরো এবং কার্ডের জন্য ২৫ থেকে ৩০ ইউরো।

ইইউ নাগরিকরা পাঁচ বছর বসবাসের পর স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী আবাসনের যোগ্য হন। তবে তাদের EU+ কার্ড বা F কার্ড নিতে হয়। এতে তারা জনসংখ্যা নিবন্ধনে অন্তর্ভুক্ত হন এবং সামাজিক সংহতির অধিকার পান।

অ-ইইউ নাগরিকদের জন্য তিন ধরনের কার্ড রয়েছে

B কার্ড: পাঁচ বছরের বৈধ বসবাসের পর পাওয়া যায়, এতে কাজের জন্য আলাদা পারমিট লাগে না।

K কার্ড: B কার্ডধারীরা পাঁচ বছর পর এটি পান, যা ১০ বছরের জন্য বৈধ এবং সামাজিক সংহতির অধিকার দেয়।

L কার্ড: দীর্ঘমেয়াদি আবাসনের মর্যাদা, যেখানে স্থায়ী আয়, স্বাস্থ্যবীমা এবং পাঁচ বছরের নিয়মিত বসবাস প্রমাণ করতে হয়।

যারা ২০২১ সালের আগে বেলজিয়ামে বসবাস করছিলেন, তারা M কার্ডের মাধ্যমে আগের মতো অধিকার পান। অন্যদের অ-ইইউ নাগরিকদের মতো একই প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

একবার স্থায়ী আবাসন পাওয়া গেলে তা হারানো কঠিন। তবে গুরুতর অপরাধ, দুই বছরের বেশি সময় বেলজিয়ামের বাইরে থাকা বা প্রতারণার মাধ্যমে আবেদন করলে তা বাতিল হতে পারে।

বেলজিয়ামে স্থায়ী আবাসনের অনুমতি পাওয়া সময়সাপেক্ষ হলেও একবার পাওয়া গেলে জীবন অনেক সহজ হয়।

Logo