Logo
×

Follow Us

ইউরোপ

সুইডেনে নতুন নাগরিকত্ব আইন, এক লাখ আবেদন পুনর্বিবেচনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:০০

সুইডেনে নতুন নাগরিকত্ব আইন, এক লাখ আবেদন পুনর্বিবেচনা

সুইডেনে নতুন নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর বিপুল সংখ্যক আবেদন বাতিল হচ্ছে। আগে পাঁচ বছরের বৈধ বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যেত, কিন্তু এখন তা বাড়িয়ে আট বছর করা হয়েছে। একই সঙ্গে ভাষা পরীক্ষা, নাগরিক জ্ঞান পরীক্ষা এবং স্থায়ী আয় প্রমাণের শর্ত যুক্ত হওয়ায় হাজারো অভিবাসী হঠাৎ করেই অযোগ্য হয়ে পড়েছেন। সুইডিশ সংবাদমাধ্যম দ্য লোকালে এ সংবাদ প্রকাশ পেয়েছে।

২০২৬ সালের ৬ জুন থেকে কার্যকর হওয়া আইনে বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই আট বছর ধরে বৈধভাবে সুইডেনে বসবাস করতে হবে। এই সময়ের মধ্যে দীর্ঘ অনুপস্থিতি অনুমোদিত নয়। এছাড়া আবেদনকারীদের সুইডিশ ভাষায় দক্ষতা এবং সমাজ সম্পর্কে মৌলিক জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর্থিকভাবে স্বনির্ভরতা প্রমাণ করতে হবে, অর্থাৎ নিয়মিত আয় থাকতে হবে এবং সামাজিক সহায়তার ওপর নির্ভরশীল হলে তা নেতিবাচক হিসেবে গণ্য হবে।

সংসদে মাত্র এক ভোটে ট্রানজিশনাল নিয়ম বাতিল হওয়ায় পুরনো শর্তে আবেদনকারীরাও নতুন নিয়মে বিচারাধীন হয়েছেন। প্রায় এক লাখ আবেদনকারী এখন নতুন শর্তে পড়েছেন। আবেদন জমা দেওয়ার তারিখ নয়, বরং সিদ্ধান্ত ঘোষণার তারিখই নির্ধারণ করবে কোন নিয়ম প্রযোজ্য হবে। ফলে যারা পাঁচ বছরের বসবাস পূর্ণ করে আবেদন করেছিলেন, তারাও নতুন আট বছরের শর্তে পড়ছেন।

এই ভোটে সংসদীয় প্রথা ভঙ্গের অভিযোগ উঠেছে। বিরোধী দলগুলো বলছে, নিয়ম ভঙ্গ করে হাজারো আবেদনকারীকে কঠিন পরিস্থিতিতে ফেলা হয়েছে। অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে এবং অনেকেই নাগরিকত্ব পাওয়ার আশা হারাচ্ছেন।

নতুন নিয়মে নাগরিকত্ব পেতে সময় ও খরচ দুটোই বাড়বে। ভাষা ও নাগরিক জ্ঞান পরীক্ষার ধাপগুলো ধীরে ধীরে কার্যকর হবে, যা ২০২৭ সালের অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। যারা ইতোমধ্যেই আবেদন করেছেন কিন্তু সিদ্ধান্ত পাননি, তাদের দীর্ঘ অপেক্ষা করতে হবে।

Logo