দিন দিন অজনপ্রিয় হচ্ছে মার্কিন পাসপোর্ট; কারণ কী?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫
একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভ্রমণ নথি হিসেবে বিবেচিত মার্কিন পাসপোর্ট এখন আর সেই অবস্থানে নেই। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রায় সর্বাধিক অবাধ চলাচলের সুবিধা ভোগ করতেন। কিন্তু হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে, মাত্র দুই দশকে মার্কিন পাসপোর্ট শীর্ষস্থান থেকে নেমে দশম স্থানে চলে গেছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান এইচ. কেলিন বলেন, পাসপোর্টের শক্তি আসলে একটি দেশের ভূ-রাজনৈতিক পুঁজির প্রতিফলন। যেসব দেশের সঙ্গে অন্য দেশগুলো বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তায় সহযোগিতা করতে চায়, তাদের পাসপোর্টই সবচেয়ে শক্তিশালী হয়। যুক্তরাষ্ট্রের আপেক্ষিক অবস্থান কমে যাওয়ার কারণ হলো অন্যান্য দেশ দ্রুত অগ্রগতি করেছে।
২০২৬ সালের জুলাই মাসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হয়েছে সিঙ্গাপুরের। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে যেতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও দক্ষিণ কোরিয়া; যাদের নাগরিকরা ১৮৮টি দেশে প্রবেশাধিকার পান। সুইডেন তৃতীয় স্থানে, আর চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও আইসল্যান্ড দশম স্থানে রয়েছে, যেখানে নাগরিকরা ১৮০টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান। যদিও ২০০৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ১৩০, তবুও অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের অগ্রগতি ধীর।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও সবচেয়ে সুবিধাপ্রাপ্ত নাগরিকদের মধ্যে ব্যবধান নাটকীয়ভাবে বেড়েছে। সিঙ্গাপুরের নাগরিকরা যেখানে ১৯২টি দেশে যেতে পারেন, আফগানিস্তানের নাগরিকরা যেতে পারেন মাত্র ২২টিতে।
ইউরোপীয় দেশগুলো ব্যাপক উন্নতি করেছে। মাল্টা এখন পঞ্চম স্থানে, হাঙ্গেরি ও পোল্যান্ড ষষ্ঠ স্থানে উঠে এসেছে। অন্যদিকে যুক্তরাজ্য তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের বিশ্লেষণে দেখা গেছে, শান্তিপূর্ণ দেশগুলোর পাসপোর্টই সবচেয়ে শক্তিশালী। সিঙ্গাপুর, জাপান, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও ডেনমার্ক; সব দেশই শান্তি সূচক ও পাসপোর্ট সূচকে শীর্ষে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যতিক্রম। যুক্তরাষ্ট্র পাসপোর্ট সূচকে দশম হলেও শান্তি সূচকে ১৩৪তম স্থানে রয়েছে।
logo-1-1740906910.png)