সাইপ্রাসে স্থায়ী বসবাসের সুযোগ: বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি আবাসনের পথ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৮
ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ সাইপ্রাস এখন স্থায়ী বসবাসের জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। কর সুবিধা, নিরাপদ জীবনযাপন এবং ইউরোপ-এশিয়া-উত্তর আফ্রিকার সংযোগস্থলে অবস্থান; সব মিলিয়ে দেশটি ব্যবসা ও ভ্রমণের জন্য আদর্শ। সাইপ্রাসে স্থায়ী রেসিডেন্সি পাওয়ার জন্য বিভিন্ন পথ রয়েছে, যা বিনিয়োগকারী, কর্মজীবী কিংবা দীর্ঘমেয়াদি বাসিন্দাদের জন্য উন্মুক্ত।
সাইপ্রাসে স্থায়ী বসবাসের জন্য তিনটি প্রধান পথ রয়েছে। প্রথমত, দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট, যা পাঁচ বছরের ধারাবাহিক বৈধ বসবাসের পর পাওয়া যায়। দ্বিতীয়ত, অভিবাসন পারমিট, যা উদ্যোক্তা, কর্মজীবী বা আর্থিকভাবে স্বনির্ভর ব্যক্তিদের দেওয়া হয়। তৃতীয়ত, বিনিয়োগকারীদের জন্য বিশেষ অভিবাসন পারমিট, যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়।
দ্রুত স্থায়ী রেসিডেন্সি পেতে বিনিয়োগকারীদের কমপক্ষে তিন লাখ ইউরো বিনিয়োগ করতে হয়। এটি হতে পারে নতুন আবাসিক প্রকল্পে, বাণিজ্যিক সম্পত্তিতে, সাইপ্রাসভিত্তিক কোম্পানিতে বা বিকল্প বিনিয়োগ তহবিলে। পাশাপাশি প্রধান আবেদনকারীর বার্ষিক আয় কমপক্ষে ৫০ হাজার ইউরো হতে হবে। স্ত্রী ও সন্তানদের জন্য অতিরিক্ত আয় প্রমাণ করতে হয়।
যারা বিনিয়োগ ছাড়াই স্থায়ী বসবাস চান, তাদের জন্য দীর্ঘমেয়াদি রেসিডেন্সি পথ রয়েছে। শর্ত হলো পাঁচ বছর ধারাবাহিকভাবে সাইপ্রাসে বৈধভাবে বসবাস করতে হবে। এ সময়ে সর্বোচ্চ দশ মাস দেশের বাইরে থাকা যাবে, তবে ছয় মাসের বেশি একটানা বাইরে থাকা যাবে না। এছাড়া স্থায়ী আয়, স্বাস্থ্যবীমা, গ্রিক ভাষাজ্ঞান এবং আবাসনের প্রমাণ থাকতে হবে।
সাইপ্রাসে অভিবাসন পারমিট ছয়টি ক্যাটাগরিতে বিভক্ত। কৃষি, খনিজ, ব্যবসা, বিজ্ঞান, স্থায়ী চাকরি এবং বিদেশ থেকে আয়; এই ক্যাটাগরিগুলোর মাধ্যমে আবেদন করা যায়। প্রতিটি ক্যাটাগরির জন্য নির্দিষ্ট পরিমাণ মূলধন বা আয় প্রমাণ করতে হয়।
আবেদন প্রক্রিয়াস্থায়ী রেসিডেন্সির জন্য আবেদন করতে হলে প্রথমে পথ নির্বাচন করতে হয়। এরপর প্রয়োজনীয় নথি যেমন পাসপোর্ট, জন্মসনদ, অপরাধমুক্ত সনদ, স্বাস্থ্যবীমা, আর্থিক প্রমাণপত্র ও আবাসনের নথি জমা দিতে হয়। বিনিয়োগকারীদের ক্ষেত্রে সম্পত্তির দলিল বা বিক্রয় চুক্তি, কোম্পানির নথি বা তহবিল বিনিয়োগের প্রমাণপত্র দিতে হয়। আবেদন নিকোসিয়ার মাইগ্রেশন অফিসে জমা দিতে হয়। বিনিয়োগকারীদের আবেদন সাধারণত ৬-৮ মাসে, দীর্ঘমেয়াদি রেসিডেন্সি ৬-১২ মাসে এবং অভিবাসন পারমিট ১২-১৮ মাসে সম্পন্ন হয়।
স্থায়ী রেসিডেন্সি পাওয়ার পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। শর্ত হলো সাত বছরের মধ্যে কমপক্ষে এক বছর ধারাবাহিকভাবে সাইপ্রাসে বসবাস করতে হবে। পাশাপাশি গ্রিক ভাষায় দক্ষতা, সামাজিক ও রাজনৈতিক জ্ঞান, স্থায়ী আয় এবং ভালো চরিত্র থাকতে হবে।
সাইপ্রাসে স্থায়ী রেসিডেন্সি শুধু নিরাপদ জীবনযাপন নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্বের পথও খুলে দেয়। বিনিয়োগ, কর্মসংস্থান বা দীর্ঘমেয়াদি বসবাস; যে পথেই হোক, সঠিক প্রস্তুতি ও নথিপত্র থাকলে সাইপ্রাসে স্থায়ী বসবাস এখন অনেক সহজ।
logo-1-1740906910.png)