স্কটল্যান্ডে শরণার্থীদের সংখ্যা পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২৩:৫০
স্কটল্যান্ডে আন্তর্জাতিক অভিবাসন গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ন্যাশনাল রেকর্ডস অব স্কটল্যান্ড (এনআরএস) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দেশটির জনসংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৪৫ হাজার ৫০০ জনে। এক বছরে জনসংখ্যা বেড়েছে মাত্র ২ হাজার ২০০ জন, যা ০.১ শতাংশেরও কম।
আন্তর্জাতিক অভিবাসন কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩০০ জনে, যা ২০২০ সালের পর সর্বনিম্ন। যুক্তরাজ্যের অন্যান্য অংশ থেকে স্কটল্যান্ডে অভিবাসনও কমে হয়েছে ৮ হাজার ৬০০ জন। মোট অভিবাসন হিসাব করলে দেখা যায়, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে স্কটল্যান্ডে নেট অভিবাসন ছিল ১৭ হাজার ৯০০ জন। অথচ ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৮৩ হাজার ৩০০ এবং ২০২৪ সালে ৪৭ হাজার।
প্রাকৃতিক পরিবর্তনের হিসাবে জন্মের চেয়ে মৃত্যু বেশি হয়েছে। ২০২৫ সালে জন্ম হয়েছে ৪৫ হাজার ৪০০ জনের, আর মৃত্যু হয়েছে ৬১ হাজার ৬০০ জনের। ফলে প্রাকৃতিক পরিবর্তনের হিসাব দাঁড়িয়েছে ঋণাত্মক ১৬ হাজার ২০০। এনআরএস জানিয়েছে, ২০১৫ সাল থেকে স্কটল্যান্ডে প্রতি বছরই মৃত্যুর সংখ্যা জন্মের চেয়ে বেশি।
স্কটল্যান্ডের বিভিন্ন কাউন্সিল এলাকায় জনসংখ্যার পরিবর্তনও লক্ষ্য করা গেছে। পূর্ব লোথিয়ান, মিডলোথিয়ান, গ্লাসগো সিটি এবং পশ্চিম লোথিয়ান সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ক্ল্যাকম্যানানশায়ার, ডান্ডি সিটি এবং নাহ-ইলিয়ানান সিয়ার এলাকায় জনসংখ্যা কমেছে। গ্লাসগো সিটি এখনো স্কটল্যান্ডের সবচেয়ে বড় প্রশাসনিক এলাকা, যেখানে জনসংখ্যা ৬ লাখ ৫৪ হাজারের বেশি।
এনআরএসের জনসংখ্যা ও অভিবাসন পরিসংখ্যান বিভাগের প্রধান অ্যান্ড্রু হোয়াইট বলেছেন, “স্কটল্যান্ডের জনসংখ্যা বাড়ছে, তবে আগের তুলনায় অনেক কম হারে। এই বৃদ্ধি মূলত যুক্তরাজ্যের অন্যান্য অংশ ও আন্তর্জাতিক অভিবাসন থেকে আসা মানুষের কারণে।” তিনি আরো জানান, ২০২৫ সালে মিডলোথিয়ান ও গ্লাসগো সিটি ছাড়া সব কাউন্সিল এলাকায় মৃত্যুর সংখ্যা জন্মের চেয়ে বেশি ছিল।
logo-1-1740906910.png)