বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরো সম্প্রসারিত হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, চলতি মাস থেকেই নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম চালু করা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের এনআইডি কার্যক্রম সুইডেনের মাধ্যমে পরিচালিত হবে, কারণ কনস্যুলার সেবা ইতোমধ্যেই সেখান থেকে পরিচালিত হচ্ছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের তিন কমিশনার পৃথকভাবে সংশ্লিষ্ট দেশগুলো সফর করবেন।
তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুইডেনে অবস্থান করবেন। অন্যদিকে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন। এসব সফরের ব্যয় বহন করা হবে ইসির স্মার্টকার্ড (আইডিইএ-২) প্রকল্প থেকে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি মিশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। নতুন পাঁচ দেশ যুক্ত হওয়ায় প্রবাসীদের জন্য এ সেবা আরো বিস্তৃত হবে।
ইসি জানিয়েছে, এসব দেশ থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার প্রবাসীর হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হয়েছে। প্রবাসে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এনআইডির আবেদন গ্রহণ করা হয়। পরে দেশে যাচাই-বাছাই শেষে পরিচয়পত্র মুদ্রণ করে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়।
প্রবাসীদের জন্য এনআইডি সেবা সম্প্রসারণ তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকিং, সম্পত্তি ব্যবস্থাপনা ও বিভিন্ন সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ করবে। নতুন পাঁচ দেশে এ কার্যক্রম চালু হওয়ায় আরো বেশি প্রবাসী এখন জাতীয় পরিচয়পত্রের আওতায় আসবেন।
logo-1-1740906910.png)