উত্তর ফ্রান্স উপকূল থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একসঙ্গে ১২৮ জন অনিয়মিত অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি নৌকায় এত বেশি সংখ্যক মানুষের আগমন এ পর্যন্ত রেকর্ড। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ১২৫ জন অভিবাসী একসঙ্গে চ্যানেল পাড়ি দিয়েছিলেন।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার মোট তিনটি নৌকায় করে ২২৫ জন অভিবাসী ইংল্যান্ডে পৌঁছেছেন। এর মধ্যে একটি নৌকাতেই ছিলেন ১২৮ জন। যদিও সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সরকার, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মানবপাচারকারী চক্রগুলো আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ঝুঁকি নিচ্ছে। তারা চলাচলের অনুপযোগী ছোট নৌকায় আরো বেশি মানুষ গাদাগাদি করে তুলছে, যা প্রাণহানির আশঙ্কা বাড়াচ্ছে।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জুলাইয়ের শুরুতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ কমেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৪৩৯ জন অভিবাসী অনিয়মিতভাবে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন।
চ্যানেল পাড়ি ঠেকাতে যুক্তরাজ্য ও ফ্রান্স গত এপ্রিল মাসে তিন বছরের একটি নতুন চুক্তি সই করেছে। চুক্তির আওতায় ফরাসি উপকূলে টহল জোরদারের জন্য যুক্তরাজ্য ৭৭১ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। এর মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণ আরো কঠোর করার চেষ্টা চলছে।
অভিবাসন নিরুৎসাহিত করা এবং বহিষ্কার প্রক্রিয়া দ্রুততর করার লক্ষ্যে জুলাই মাসের শুরুতে ব্রিটিশ সরকার পার্লামেন্টে আশ্রয় ও অভিবাসন ব্যবস্থা সংস্কারের একটি বড় বিল উত্থাপন করেছে। বিলটি উত্থাপন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এতে অনিয়মিত অভিবাসীদের দ্রুত বহিষ্কার এবং আশ্রয় প্রক্রিয়া কঠোর করার প্রস্তাব রয়েছে।
logo-1-1740906910.png)