দক্ষিণ আফ্রিকা থেকে ৫৩ হাজারের বেশি বিদেশি বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৯
দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে, গত পাঁচ সপ্তাহে শুরু হওয়া অভিবাসন ব্যবস্থাপনা অভিযানে ইতোমধ্যেই ৫৩ হাজারের বেশি বিদেশি নাগরিককে বহিষ্কার বা নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি মালাউই, জিম্বাবুয়ে ও মোজাম্বিকের নাগরিক।
দেশটির বিচার ও সাংবিধানিক উন্নয়নমন্ত্রী মামোলোকো কুবায়ী রবিবার প্রিটোরিয়ায় এক সংবাদ সম্মেলনে জানান, মোট ৫৩ হাজার ৪৯৯ জন বিদেশি নাগরিককে বহিষ্কার বা ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমরা একটি সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা জনগণের উদ্বেগকে গুরুত্ব দেবে, আবার একই সঙ্গে মানবাধিকার ও মর্যাদাও রক্ষা করবে।”
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে অভিবাসনবিরোধী প্রতিবাদ হয়েছে। বিক্ষোভকারীরা দাবি করেছেন, অবৈধ অভিবাসীরা বেকারত্ব, অপরাধ বৃদ্ধি এবং জনসেবার ভাঙনের জন্য দায়ী। তারা সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করা এবং ব্যাপক বহিষ্কারের দাবি তুলেছে। অনেক জায়গায় সহিংসতা, ভীতি প্রদর্শন ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
বিক্ষোভকারীরা ৩০ জুনকে “অঘোষিত সময়সীমা” হিসেবে নির্ধারণ করেছিল, যার মধ্যে সব অবৈধ অভিবাসীকে দেশ ছাড়তে হবে। এর ফলে অনেক বিদেশি নাগরিক সহিংসতা এড়াতে দেশ ছেড়ে চলে গেছেন। ঘানা, নাইজেরিয়া, উগান্ডা ও কেনিয়া ইতোমধ্যেই নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়েছে।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জনগণের উদ্বেগ স্বীকার করলেও অভিবাসীদের ওপর হামলা নিন্দা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, নাগরিকরা যেন আইন নিজের হাতে তুলে না নেন। মন্ত্রী কুবায়ীও জানিয়েছেন, অভিবাসন আইন প্রয়োগ অব্যাহত থাকবে, তবে বিক্ষোভকারীদের অনুমতি ছাড়া বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো উচিত নয়।
জাতিসংঘ সতর্ক করেছে, দক্ষিণ আফ্রিকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার দায় অভিবাসীদের ওপর চাপানো উচিত নয়। তারা বলেছে, অভিবাসীদের বলির পাঁঠা বানালে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।
logo-1-1740906910.png)