দ্য ওডিসি: দীর্ঘ প্রবাস জীবন শেষে ঘরে ফেরা এক ক্লান্ত সেনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৬
যুদ্ধ শেষ হয়েছে বহু আগেই। বিজয়ের উল্লাস স্তিমিত, তলোয়ারের ঝনঝনানি থেমে গেছে। কিন্তু এক সৈনিকের যুদ্ধ তখনো শেষ হয়নি। তার সামনে অপেক্ষা করছে আরো দীর্ঘ, আরো কঠিন এক লড়াই- ঘরে ফেরার লড়াই।
হোমারের অমর মহাকাব্য দ্য ওডিসি মূলত এমনই এক ক্লান্ত সেনানায়কের গল্প। ট্রয়ের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ওডিসিউসের একটাই স্বপ্ন— নিজের দেশ ইথাকায় ফিরে যাওয়া, ফিরে পাওয়া স্ত্রী পেনেলোপ আর ছেলে টেলিমেকাসকে। কিন্তু ঘরে ফেরার সেই পথ হয়ে ওঠে এক দীর্ঘ প্রবাস জীবনের প্রতীক, যেখানে প্রতিটি দিন অনিশ্চয়তা, প্রতিটি রাত বেঁচে থাকার সংগ্রাম।
সমুদ্রের উত্তাল ঢেউ, ভয়ংকর দানব, দেবতাদের ক্রোধ, জাহাজডুবি আর সঙ্গীদের মৃত্যু; সবকিছু পেরিয়েও ওডিসিউস হার মানেন না। কারণ একজন মানুষের কাছে নিজের দেশ, নিজের মাটি, নিজের ঘরের চেয়ে বড় আশ্রয় আর কিছু হতে পারে না।
প্রবাসে থাকা লাখো মানুষের গল্পের সঙ্গেও যেন মিলে যায় ওডিসিউসের এই যাত্রা। দূরদেশে বছরের পর বছর কাটিয়ে, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে, প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে বেঁচে থাকার মধ্যে যে নিঃসঙ্গতা আছে, তা ওডিসিউসের কাহিনিকে আজও সমান প্রাসঙ্গিক করে রেখেছে। তার কাছে ইথাকা শুধু একটি রাজ্য নয়; এটি স্মৃতি, ভালোবাসা, শিকড় এবং অস্তিত্বের প্রতীক।
ওডিসিউস কোনো নিখুঁত নায়ক নন। তিনি কখনো বেপরোয়া, কখনো অহংকারী, আবার কখনো অসহায়। তবুও তিনি অনন্য, কারণ শত বিপর্যয়ের মাঝেও তিনি ভেঙে পড়েন না। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি সামনে এগিয়ে যান। তার এই অবিচল মানসিক শক্তিই তাকে মহাকাব্যের অন্যতম শ্রেষ্ঠ চরিত্রে পরিণত করেছে।
ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র দ্য ওডিসি সেই চিরন্তন গল্পকেই নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চলেছে। আধুনিক প্রযুক্তি, বিশাল ভিজ্যুয়াল পরিসর এবং নোলানের গল্প বলার অনন্য ক্ষমতা এই মহাকাব্যকে নতুন মাত্রা দেবে বলেই প্রত্যাশা।
এই সিনেমাটি শুধু যুদ্ধ বা দানবের গল্প নয়। এটি ঘরে ফেরার আকুতি, পরিবারকে ফিরে পাওয়ার তীব্র ইচ্ছা, দেশপ্রেম এবং মানুষের অদম্য বেঁচে থাকার স্পৃহারের গল্প। যারা কখনো দীর্ঘদিন প্রবাসে থেকেছেন, যারা আপনজন থেকে দূরে থাকার কষ্ট অনুভব করেছেন, তাদের কাছে ওডিসিউসের যাত্রা নিছক কল্পকাহিনি মনে হবে না; বরং নিজের জীবনেরই প্রতিচ্ছবি মনে হবে।
এ কারণেই দ্য ওডিসি সবার দেখা উচিত। কারণ এই গল্প আমাদের মনে করিয়ে দেয়— পৃথিবী যতই বিস্তৃত হোক, যত অর্জনই আসুক, শেষ পর্যন্ত মানুষের সবচেয়ে বড় স্বপ্ন একটাই- নিজের ঘরে, নিজের মানুষের কাছে ফিরে যাওয়া। ১৭ জুলাই সারাবিশ্বে মুক্তি পাচ্ছেন ক্রিস্টোফার নোলানের সিনেমা দ্য ওডিসি।
logo-1-1740906910.png)