কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় দক্ষ কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৪২
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ আবারো দক্ষ কর্মীদের জন্য প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (BCPNP) চালু করেছে। ৯ জুলাই অনুষ্ঠিত সর্বশেষ ড্রতে প্রদেশটি স্বাস্থ্যসেবা, শিশু পরিচর্যা, ভেটেরিনারি কেয়ার এবং নির্মাণ খাতের কর্মীদের লক্ষ্য করে আমন্ত্রণ জানিয়েছে।
এটি ছিল চলতি বছরের অষ্টম স্কিলস ইমিগ্রেশন ড্র এবং মোট ১৫তম নির্বাচন। সর্বশেষ ড্রতে ৩৪৩ জন প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমন্ত্রণ গেছে নির্মাণ খাতের কর্মীদের জন্য।
শিশু পরিচর্যা খাতে ৯১ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে ন্যূনতম স্কোর ছিল ১০৮। স্বাস্থ্যসেবায় ৩১টি পেশা লক্ষ্য করে ১১৬ জনকে আমন্ত্রণ দেওয়া হয়েছে, ন্যূনতম স্কোর ৯৬। ভেটেরিনারি কেয়ারে দুইটি পেশায় ৫ জনের কম প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে, স্কোর ছিল ৮৮। নির্মাণ খাতে ৯টি পেশায় ১৩৬ জনকে আমন্ত্রণ দেওয়া হয়েছে, ন্যূনতম স্কোর ছিল ৯৭।
প্রদেশ জানিয়েছে, ভবিষ্যতের ড্রগুলোতে ভিন্ন অগ্রাধিকার নির্ধারণ করা হতে পারে। প্রার্থীদের শিক্ষা, পেশাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষাজ্ঞান, চাকরির প্রস্তাবের মান, বসবাসের ইচ্ছা এবং প্রাদেশিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে নির্বাচন করা হবে।
৭ জুলাই পর্যন্ত প্রদেশের নিবন্ধন পুলে মোট ৮ হাজার ৬৮৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল ১০০-১০৯ স্কোর রেঞ্জে, যা মোট প্রার্থীর প্রায় ২০ শতাংশ। সর্বশেষ ড্রয়ের পর এই সংখ্যা কিছুটা কমেছে।
২০২৬ সালে এখন পর্যন্ত ব্রিটিশ কলাম্বিয়া স্কিলস ইমিগ্রেশন ক্যাটাগরিতে ৩ হাজার ১০৭ জনকে আমন্ত্রণ জানিয়েছে। স্বাস্থ্যসেবা ও নির্মাণ খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে প্রদেশটি আন্তর্জাতিক কর্মীদের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের জন্য এটি একটি বড় সুযোগ হয়ে উঠছে।
logo-1-1740906910.png)