জার্মানিতে দক্ষ কর্মী নিয়োগ ও অভিবাসন সহজ করতে নতুন Skilled Immigration Act (FEG) কার্যকর হয়েছে। এই আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী ছাড়াও পেশাগত প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা এখন জার্মানিতে কাজের সুযোগ পাবেন। আইনটির বিভিন্ন ধারা ধাপে ধাপে কার্যকর হয়েছে ২০২৩ সালের নভেম্বর থেকে।
ইউরোপীয় নির্দেশনা অনুযায়ী জার্মানি ব্লু কার্ড ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। বেতনসীমা কমানো হয়েছে, ফলে নতুন কর্মী ও সংকটপূর্ণ পেশায় নিয়োজিতরা সহজে ব্লু কার্ড পেতে পারবেন। আইটি বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয় ডিগ্রি ছাড়াই তিন বছরের অভিজ্ঞতা থাকলে ব্লু কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া শিক্ষক, নার্স, ফার্মাসিস্ট, ভেটেরিনারি ডাক্তারসহ আরো অনেক পেশা এখন সংকটপূর্ণ তালিকায় যুক্ত হয়েছে।
অন্য কোনো ইইউ দেশে ব্লু কার্ডধারীরা এখন জার্মানিতে স্বল্পমেয়াদি ব্যবসায়িক কাজে ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারবেন। দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগও সহজ হয়েছে। পরিবার পুনর্মিলনের ক্ষেত্রে বাসস্থানের প্রমাণ বা জীবিকা নির্বাহের শর্ত শিথিল করা হয়েছে।
২০২৪ সালের মার্চ থেকে বিদেশি যোগ্যতার স্বীকৃতি প্রক্রিয়া সহজ হয়েছে। প্রশিক্ষণকালীন ভিসা এখন ২৪ মাসের জন্য দেওয়া হচ্ছে, যা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো যাবে। একই সঙ্গে স্বীকৃতি পার্টনারশিপের মাধ্যমে কর্মচুক্তি নিয়ে জার্মানিতে প্রবেশ করে পরে যোগ্যতা স্বীকৃতি নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
যারা দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে কাজ করেছেন, তারা এখন আনুষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই জার্মানিতে চাকরির সুযোগ পাবেন। শর্ত হলো অন্তত দুই বছরের অভিজ্ঞতা এবং বছরে ন্যূনতম ৪৫ হাজার ৯৩৪.২০ ইউরো বেতন। আইটি খাতে অভিজ্ঞতা দুই বছর হলেই যথেষ্ট, ভাষাজ্ঞান বাধ্যতামূলক নয়।
তৃতীয় দেশের নার্সিং সহকারীরা এখন জার্মানিতে কাজ করতে পারবেন। যারা জার্মানিতে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তারা চাকরি খোঁজার জন্য বিশেষ ভিসা পাবেন।
বিদেশি দক্ষ কর্মীরা এখন তিন বছর পরেই স্থায়ী বসবাসের অনুমতি পাবেন, যা আগে ছিল চার বছর। ব্লু কার্ডধারীরা ২৭ মাস পর স্থায়ী বসবাসের সুযোগ পাবেন, আর যদি জার্মান ভাষায় বি১ স্তরের দক্ষতা থাকে, তবে সময় কমে ২১ মাসে নেমে আসবে।
২০২৪ সালের জুনে চালু হওয়া Opportunity Card বিদেশি কর্মীদের জার্মানিতে এসে চাকরি খোঁজার সুযোগ দিয়েছে। ন্যূনতম যোগ্যতা ও ভাষাজ্ঞান থাকলে পয়েন্টভিত্তিক এই কার্ড পাওয়া যায়। এক বছরের জন্য দেওয়া কার্ডে সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ বা ট্রায়াল করা যায়।
জার্মানির নতুন অভিবাসন আইন দক্ষ কর্মীদের জন্য ইউরোপের অন্যতম আকর্ষণীয় শ্রমবাজারে প্রবেশের পথ খুলে দিয়েছে। কম বেতনসীমা, বাস্তব অভিজ্ঞতার স্বীকৃতি, পরিবার পুনর্মিলন ও সুযোগ কার্ডের মতো সুবিধা বাংলাদেশসহ তৃতীয় দেশের কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে।
logo-1-1740906910.png)