মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় কেসুমার নতুন উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:২৩
মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় আরো দক্ষ, স্বচ্ছ ও কার্যকর শাসন নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) ঘোষণা করেছে, বিদেশি শ্রমিক নিয়োগ ও ব্যবস্থাপনার জন্য ওয়ান স্টপ সেন্টার ফর ম্যানেজমেন্ট অব ফরেইন ওয়ার্কার্স (OSC) চালু করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে বিদেশি শ্রমিকদের কোটার আবেদন প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হবে। ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (FWCMS)-এর মাধ্যমে নতুন ইকোটা মডিউল বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে অনলাইনে কোটার আবেদন জমা দেওয়া যাবে এবং পূর্বে জমা দেওয়া পেন্ডিং আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ সম্ভব হবে।
কেসুমা জানিয়েছে, বিদেশি শ্রমিক নিয়োগের পাশাপাশি স্থানীয় নাগরিকদের চাকরির সুযোগ নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার। এজন্য মাইফিউচারজবস প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিল্প খাতের কর্মশক্তির চাহিদা পূরণে টেকসই ও সততার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়।
সরকার মনে করছে, বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো জরুরি। কারণ অতীতে শ্রমিক নিয়োগে জটিলতা, বিলম্ব ও অনিয়মের অভিযোগ উঠেছিল। নতুন ডিজিটাল ব্যবস্থা এসব সমস্যার সমাধান করবে বলে আশা করা হচ্ছে।
কেসুমার কর্মকর্তারা জানিয়েছেন, ওএসসি চালুর ফলে নিয়োগ প্রক্রিয়া এক জায়গায় কেন্দ্রীভূত হবে। ফলে নিয়োগকর্তারা সহজে আবেদন করতে পারবেন এবং শ্রমিকরা দ্রুত অনুমোদন পাবেন। একই সঙ্গে শ্রমবাজারে ভারসাম্য বজায় রাখতে স্থানীয়দের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে।
logo-1-1740906910.png)