মানব পাচার মামলায় ভারতে ১৩ বাংলাদেশি ও ২ রোহিঙ্গার সাজা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:৫২
উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর একটি বিশেষ আদালত সোমবার মানব পাচার চক্রে জড়িত ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং ২ জন রোহিঙ্গা। আদালত তাদের প্রত্যেককে পাঁচ বছরের কঠোর কারাদণ্ড এবং ১০ হাজার রুপি জরিমানা করেছে।
এটিএস/এনআইএ আদালতের বিচারক উমাকান্ত জিন্দাল এই রায় ঘোষণা করেন। মামলাটি শুরু হয়েছিল ২০২১ সালের ২৬ অক্টোবর, যখন উত্তরপ্রদেশ এটিএস প্রথমে আটজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে এবং মানব পাচারে জড়িত ছিল।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন মিঠুন মণ্ডল, পিন্টু দাস ওরফে শাওন আহমেদ, রনি পল ওরফে মোমিনুর ইসলাম, বাপি রায় ওরফে মেহেদি হাসান, বিক্রম সিং, মাহফুজুর রহমান, সামির মণ্ডল ওরফে টনি এবং মোহাম্মদ জামিল ওরফে হরিশ উল্লাহ। পরবর্তী তদন্তে আরো কয়েকজনের নাম উঠে আসে এবং তাদেরও গ্রেপ্তার করা হয়।
তদন্তে প্রমাণিত হয়, এই চক্র বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশ করাত। এরপর জাল পরিচয়পত্র ব্যবহার করে তাদের ভারতীয় পাসপোর্ট সংগ্রহে সহায়তা করত। সেই পাসপোর্ট ব্যবহার করে পাচারকৃত ব্যক্তিদের বিদেশে পাঠানো হতো।
আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে বিচারক ১৫ জনকে দোষী সাব্যস্ত করেন। এটিএস জানিয়েছে, এটি ছিল একটি সুসংগঠিত আন্তর্জাতিক মানব পাচার নেটওয়ার্ক, যা দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।
logo-1-1740906910.png)