মিউনিখে আন্তর্জাতিক ইয়ুথ ফেলোশিপ ২০২৭: মাসে ১,৩০০ ইউরো ভাতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৭:২৭
শিশু ও তরুণ সাহিত্য নিয়ে গবেষণা করতে আগ্রহী আন্তর্জাতিক গবেষকদের জন্য জার্মানির মিউনিখে এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। ব্লুটেনবুর্গ ক্যাসেলে অবস্থিত আন্তর্জাতিক ইয়ুথ লাইব্রেরি ঘোষণা করেছে তাদের ফেলোশিপ প্রোগ্রাম ২০২৭। এই ফেলোশিপে নির্বাচিত গবেষকরা ছয় সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত সময় কাটাতে পারবেন বিশ্বের অন্যতম বৃহৎ শিশু ও তরুণ সাহিত্য সংগ্রহে।
লাইব্রেরির সংগ্রহে রয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার বই, যা ২৬০টি ভাষায় প্রকাশিত। ফেলোশিপের মূল আকর্ষণ হলো এই আন্তর্জাতিক আর্কাইভে সরাসরি কাজ করার সুযোগ। সাধারণ বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যে সুবিধা পাওয়া যায় না, এখানে তা মিলবে বিশেষজ্ঞ গ্রন্থাগারিক ও শিশু সাহিত্য বিশেষজ্ঞদের সহায়তায়।
নির্বাচিত ফেলোরা মাসিক ১,৩০০ ইউরো ভাতা পাবেন, যা মিউনিখে থাকার খরচ মেটাতে সহায়ক হবে। এছাড়া তারা পাবেন গবেষণাগারের কর্মস্থল, লাইব্রেরির বিশেষ সংগ্রহে প্রবেশাধিকার, গবেষণা সহায়তা, আবাসন খুঁজে পেতে সহযোগিতা এবং গবেষণা উপস্থাপনার সুযোগ। তবে ভ্রমণ ব্যয় ও স্বাস্থ্যবিমা ফেলোদের নিজ দায়িত্বে বহন করতে হবে।
ফেলোশিপটি অর্থায়ন করছে বাভারিয়ান মিনিস্ট্রি ফর সায়েন্স অ্যান্ড আর্টস। এর লক্ষ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা, তরুণ গবেষকদের উৎসাহ দেওয়া এবং শিশু ও তরুণ সাহিত্য বিষয়ে আন্তঃসাংস্কৃতিক গবেষণা এগিয়ে নেওয়া।
গবেষণার বিষয় হতে হবে শিশু বা তরুণ সাহিত্য, চিত্রকলা, অনুবাদ, পাঠ সংস্কৃতি, প্রকাশনা ইতিহাস বা আন্তঃসাংস্কৃতিক গল্প বলার মতো ক্ষেত্র। আবেদনকারীদের অবশ্যই দেখাতে হবে কেন তাদের গবেষণার জন্য আন্তর্জাতিক ইয়ুথ লাইব্রেরির সংগ্রহ অপরিহার্য।
যোগ্য আবেদনকারীদের মধ্যে থাকবেন স্নাতকোত্তর, পিএইচডি শিক্ষার্থী, তরুণ গবেষক বা লেখক যারা শিশু ও তরুণ সাহিত্য নিয়ে প্রকাশনার কাজ করছেন। আবেদনকারীদের জার্মান বা ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
আবেদনের জন্য অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সঙ্গে জমা দিতে হবে একটি কভার লেটার, গবেষণা প্রকল্পের বিস্তারিত বিবরণ (সর্বোচ্চ তিন পৃষ্ঠা), প্রাসঙ্গিক প্রকাশনা ও সম্মেলনের তালিকা। আবেদনগুলো মূল্যায়ন করবেন লাইব্রেরির বিশেষজ্ঞরা।
logo-1-1740906910.png)