Logo
×

Follow Us

এশিয়া

বিশ্বব্যাংকের উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় ভিয়েতনাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:০৯

বিশ্বব্যাংকের উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় ভিয়েতনাম

বিশ্বব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে ভিয়েতনামকে উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে পুনঃশ্রেণিবদ্ধ করা হয়েছে। কয়েক বছর ধরে টানা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা আরো বাড়বে এবং ভিয়েতনামের অর্থনীতির প্রতি বৈশ্বিক আগ্রহ বৃদ্ধি পাবে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ভিয়েতনামের মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭০ মার্কিন ডলার। বিশ্বব্যাংক নির্ধারিত উচ্চ-মধ্যম আয়ের সীমা ছিল ৪ হাজার ৬৩৬ ডলার। এ সীমা অতিক্রম করেই ভিয়েতনাম নতুন অবস্থানে পৌঁছেছে।

এই অগ্রগতির ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি বৃহত্তম অর্থনীতি এখন উচ্চ-মধ্যম আয়ের দেশ বা তারও ওপরে অবস্থান করছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইন আগেই এ তালিকায় ছিল, এবার ভিয়েতনামও যুক্ত হলো।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভিয়েতনাম এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। দেশটি চলতি বছর থেকে দুই অঙ্কের জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। ব্যবসাবান্ধব সংস্কার, অবকাঠামো খাতে ধারাবাহিক বিনিয়োগ এবং শিল্প উৎপাদন বৃদ্ধিকে এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, ভিয়েতনামের এ অর্জন শুধু দেশের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে না, বরং দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক ভারসাম্যেও নতুন মাত্রা যোগ করবে। আন্তর্জাতিক বাজারে ভিয়েতনামের প্রতিযোগিতা ক্ষমতা বাড়বে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে দেশটি আরো সক্ষম হবে।

Logo