Logo
×

Follow Us

ইউরোপ

জন্মহার বাড়াতে বাড়তি ছুটি দেবে ফ্রান্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:০৮

জন্মহার বাড়াতে বাড়তি ছুটি দেবে ফ্রান্স

ফ্রান্সে জন্মহার বাড়ানোর লক্ষ্যে নতুন আইন কার্যকর হয়েছে। বুধবার থেকে মা ও বাবা দুজনের জন্যই বাড়তি ছুটির ব্যবস্থা চালু করেছে দেশটির সরকার। এ সময় দুজনই বেতন পাবেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন। বাবারা সন্তানের জন্মের পর পেতেন ২৮ দিনের ছুটি। নতুন আইন অনুযায়ী, বিদ্যমান ছুটির সঙ্গে মা ও বাবা নিজেদের মধ্যে বাড়তি এক বা দুই মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন। অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ পাবেন।

নতুন আইন ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। শিশু দত্তক নেওয়া অভিভাবকরাও এ সুবিধা পাবেন।

শুধু ফ্রান্স নয়, ইউরোপীয় ইউনিয়নজুড়েই জন্মহার কমছে। বিষয়টি এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ অভিনব এ উদ্যোগ সামনে এনেছেন। এর আগে ২০২৪ সালেও জন্মহার বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

তবে ফ্রান্সের নারীবাদী সংগঠনগুলো বলছে, এই সংস্কার যথেষ্ট নয় এবং এটি লিঙ্গসমতা বাড়াতে তেমন কার্যকর হবে না। তাদের মতে, তুলনামূলক কম উপার্জনকারী সঙ্গীর এই অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনাই বেশি। বাস্তবতায় দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রে নারীরাই কম উপার্জন করেন। ফলে এই আইন নারীদের ওপরই বেশি প্রভাব ফেলতে পারে।

Logo