জার্মানিতে রেকর্ড সৃষ্টিকারী তাপপ্রবাহের পর আবহাওয়া হঠাৎ বদলে গেছে। ২৯ জুন সকাল থেকে বিভিন্ন স্থানে আকাশ মেঘে ঢেকে বৃষ্টি শুরু হয়েছে। এর সঙ্গে প্রবল দমকা হাওয়া, বজ্রপাত ও বিদ্যুতের চমক দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ও পূর্ব জার্মানিতে শিলাবৃষ্টি ও মুষলধারে বৃষ্টিসহ বজ্রঝড় আঘাত হেনেছে।
২৮ জুন পূর্ব ব্র্যান্ডেনবার্গে তাপমাত্রা রেকর্ড হয় ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। এক সপ্তাহের ভয়াবহ গরমে মানুষ হাঁসফাঁস করে উঠেছিল। সুইমিংপুল, নদী ও হ্রদের পাড়ে উপচে পড়া ভিড় দেখা গেছে। বনাঞ্চলে আগুন লাগার ঝুঁকি তৈরি হয়েছিল। বার্লিনে ফায়ার ব্রিগেড জানিয়েছে, গরমজনিত জরুরি অভিযানের সংখ্যা বেড়েছে। শুক্রবার সন্ধ্যায় স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০০ বেশি জরুরি কল এসেছে, অধিকাংশই গরমে অসুস্থ হয়ে পড়া বা পানিতে দুর্ঘটনার কারণে।
আবহাওয়া বিশেষজ্ঞ ডোমিনিক ইয়ুং জানিয়েছেন, জুনের ভয়াবহ তাপপ্রবাহ শেষ হলেও জুলাইয়ের শুরুতেই আবারো তীব্র গরম আসতে পারে। বজ্রঝড়ের কারণে আপাতত তাপমাত্রা ১২ ডিগ্রি কমে গিয়ে ২০ থেকে ২৫ ডিগ্রিতে নেমে আসবে। তবে ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে আবারো প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ বায়ু জার্মানির দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে।
জুলাইয়ের দ্বিতীয়ার্ধে আরো ভয়াবহ গরম আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে একটি স্থায়ী বায়ুমণ্ডলীয় প্রবণতা। মধ্য ইউরোপের ওপর শক্তিশালী উচ্চচাপ বলয় স্থির হয়ে যাচ্ছে এবং উত্তর আফ্রিকা থেকে গরম বাতাস ধেয়ে আসছে। ইউরোপীয় আবহাওয়া কেন্দ্র (ইসিএমডব্লিউএফ) এবং যুক্তরাষ্ট্রের এনওএএ জানিয়েছে, জুলাই মাস স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উষ্ণ ও শুষ্ক হবে।
২৮ দিনের পূর্বাভাসে দেখা যাচ্ছে, ২০ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকবে। অর্থাৎ এই আবহাওয়ার ধরন সহজে পরিবর্তিত হওয়ার লক্ষণ নেই।
logo-1-1740906910.png)