তাসমানিয়া বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:০১
অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রকাশ করেছে তাদের ২০২৬ সালের কোর্স গাইড। বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বিদেশি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আসছে এবং এবারো তারা শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা ও সুযোগের প্রতিশ্রুতি দিয়েছে।
তাসমানিয়া দ্বীপকে পুরোপুরি ক্যাম্পাস হিসেবে উপস্থাপন করেছে বিশ্ববিদ্যালয়। পাহাড়, সমুদ্র, বনভূমি ও শহরের সমন্বয়ে গড়ে ওঠা এই পরিবেশে শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষেই নয়, বরং প্রকৃতির মাঝে থেকেও পড়াশোনার সুযোগ পাবেন। ফিল্ড ট্রিপ, ইন্টার্নশিপ ও টেকসই উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। বিশ্ববিদ্যালয়টি টানা চার বছর ধরে জলবায়ু কর্মে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে উদার বৃত্তি, যা মেধা, ইংরেজি ভাষার দক্ষতা ও টিউশন ফি ছাড়ের ভিত্তিতে প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীরা পাবেন বৈচিত্র্যময় ও সৃজনশীল জীবনধারা, যেখানে বন্ধুত্ব, কর্মসংস্থান ও ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নের সুযোগ থাকবে।
তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যবসা ও আইন, সৃজনশীল শিল্প ও নকশা, পরিবেশ ও সামুদ্রিক বিজ্ঞান, শিক্ষা ও মানবিক বিদ্যা, স্বাস্থ্য ও চিকিৎসা; সব ক্ষেত্রেই রয়েছে বিস্তৃত কোর্স।
ব্যবসা ও আইন: ব্যাচেলর অব বিজনেস, ব্যাচেলর অব ইকোনমিকস, ব্যাচেলর অব ল’সসহ বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর কোর্স।
সৃজনশীল শিল্প ও নকশা: ফাইন আর্টস, মিডিয়া ও কমিউনিকেশন, ডিজাইন, মিউজিক এবং আর্কিটেকচার।
পরিবেশ ও সামুদ্রিক বিজ্ঞান: মেরিন অ্যান্ড অ্যান্টার্কটিক সায়েন্স, গ্লোবাল লজিস্টিকস, নটিক্যাল সায়েন্স ও কৃষি বিজ্ঞান।
শিক্ষা ও মানবিক বিদ্যা: ব্যাচেলর অব আর্টস, শিক্ষা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স, টিইএসওএলসহ বিশেষায়িত প্রোগ্রাম।
স্বাস্থ্য ও চিকিৎসা: মেডিসিন, নার্সিং, ফার্মেসি, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, ফিজিওথেরাপি ও পাবলিক হেলথ।
প্রতিটি কোর্সে রয়েছে আধুনিক পাঠ্যক্রম, বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ এবং আন্তর্জাতিক মানের শিক্ষকতা।
শিক্ষার্থীদের জন্য রয়েছে ২৪ ঘণ্টার স্টাডি সাপোর্ট, ব্যক্তিগত একাডেমিক দক্ষতা উন্নয়ন, ইংরেজি ভাষা সহায়তা, স্বাস্থ্য ও মানসিক পরামর্শ, বৈচিত্র্য ও নিরাপত্তা সেবা, ধর্মীয় ও সাংস্কৃতিক সহায়তা, এলজিবিটিকিউআইএ+ সাপোর্ট এবং শিশু যত্ন সুবিধা।
হোবার্ট ও লন্সেস্টনে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন আবাসন ব্যবস্থা। সম্পূর্ণ সজ্জিত অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে কমিউনাল লিভিং কলেজ; সবই সহজলভ্য। ভাড়া সপ্তাহে ২১৯ থেকে ৫৭৬ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত। এতে বিদ্যুৎ, পানি ও ওয়াই-ফাই অন্তর্ভুক্ত।
তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৬ আন্তর্জাতিক কোর্স গাইড শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রকৃতির মাঝে পড়াশোনা, বিশ্বমানের কোর্স, উদার বৃত্তি এবং কর্মসংস্থানের সুযোগ; সব মিলিয়ে এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।
logo-1-1740906910.png)