Logo
×

Follow Us

এশিয়া

কলকাতায় হবে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৫:৫৩

কলকাতায় হবে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর

কলকাতার দমদম বিমানবন্দরের ওপর ক্রমেই বাড়তে থাকা যাত্রী ও পণ্যের চাপ সামাল দিতে দীর্ঘদিন ধরেই রাজ্যে একটি বিকল্প আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি উঠছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। রাজ্যের নতুন বাজেটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে কল্যাণীতে একটি আধুনিক ‘গ্রিন ফিল্ড’ বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, প্রায় এক থেকে দেড় হাজার একর জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে।

এই ঘোষণার পর কল্যাণী ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুধু রাজ্য সরকারই নয়, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও এই প্রকল্প নিয়ে আশাবাদী। তিনি সম্প্রতি দাবি করেছিলেন, কল্যাণীতে বিমানবন্দর তৈরি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ওয়াকিবহাল মহলের মতে, কলকাতা বিমানবন্দরের চাপ কমানোর পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে দ্রুত যোগাযোগ গড়ে তুলতেই কল্যাণীকে ‘এভিয়েশন হাব’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে জমি-সংক্রান্ত জটিলতায় কল্যাণীতে বিমানবন্দর তৈরির উদ্যোগ ব্যর্থ হয়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন। প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হতে যাচ্ছে উন্নত সড়ক যোগাযোগ। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে সিগন্যাল-মুক্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে। এর ফলে দমদম বিমানবন্দর থেকে মাত্র ৪০-৪৫ মিনিটেই গাড়িতে কল্যাণীতে পৌঁছানো সম্ভব হচ্ছে। নতুন বিমানবন্দর তৈরি হলে যাত্রী ও পণ্য পরিবহণের চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই বিমানবন্দর কল্যাণীর সামগ্রিক চেহারা বদলে দেবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিষয়ক ডিন রানা ঘোষ বলেন, “এখানে বিমানবন্দর হলে শিক্ষা, গবেষণা ও শিল্পের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে। পড়ুয়াদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যোগাযোগ বাড়বে।” চিকিৎসক নয়ন সরকার বলেন, “আন্তর্জাতিক বিমানবন্দর হলে কল্যাণীর যোগাযোগ ব্যবস্থা অন্য মাত্রা পাবে। বিদেশ থেকে রোগীরা সহজেই কল্যাণী এইমসে চিকিৎসা করাতে আসতে পারবেন।”

রাজ্যের বাজেটে ঘোষিত কল্যাণীর আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা বিশ্বাস করছেন, এই উদ্যোগ শুধু কলকাতার বিমানবন্দরের চাপ কমাবে না, বরং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। বাজেট ঘোষণার পর কল্যাণীর আকাশে এখন নতুন স্বপ্নের ডানা মেলছে।

Logo