Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের ওপর আস্থা কমেছে বিশ্ববাসীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:০৮

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের ওপর আস্থা কমেছে বিশ্ববাসীর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রতি বিশ্বজুড়ে মানুষের আস্থা তলানিতে নেমে গেছে। এক সময় নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পরিচিত দেশটির ভাবমূর্তি ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পরিচালিত সাম্প্রতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

২৩ জুন প্রকাশিত জরিপে ৩৬টি দেশের ৪২ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। জরিপটি ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে পরিচালিত হয়, যখন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা এবং ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

ফলাফলে দেখা গেছে, আন্তর্জাতিক বিষয়াবলি পরিচালনায় ট্রাম্পের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর আস্থা রেখেছেন মাত্র ২৩ শতাংশ অংশগ্রহণকারী। বিপরীতে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ তার প্রতি সামান্য বা একেবারেই কোনো আস্থা রাখেননি।

তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, জরিপে অন্তর্ভুক্ত ২৪টি দেশের মধ্যে ১৬টিতে ট্রাম্পের প্রতি মানুষের আস্থা কমেছে। কোনো দেশেই আস্থার উন্নতি দেখা যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিও মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক হয়েছে।

৩৬টি দেশের মধ্যে মাত্র ৩৭ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে ইতিবাচকভাবে দেখেছেন। বিপরীতে ৫৭ শতাংশ মানুষের দৃষ্টিভঙ্গি ছিল নেতিবাচক। ইন্দোনেশিয়া, ইতালি, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও তুরস্কে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা কমেছে ১০ শতাংশের বেশি।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কমে যাওয়ার পেছনে রয়েছে বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধের সম্পৃক্ততা এবং নেতৃত্বের প্রতি অনিশ্চয়তা। এক সময়ের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

Logo