মালয়েশিয়ার শ্রমবাজারে দুর্নীতি হবে না: মানবসম্পদমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২০
বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের প্রক্রিয়ায় সুশাসনকে আরো জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। দেশটির মানবসম্পদমন্ত্রী আর রামানান জানিয়েছেন, শ্রমিক নিয়োগ যেন শোষণ, বৈষম্য ও অনৈতিক কর্মকাণ্ডমুক্ত থাকে, সে বিষয়ে মালয়েশিয়া অঙ্গীকারবদ্ধ।
২২ জুন নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে রামানান বলেন, মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে বিদেশি শ্রমিক সরবরাহকারী প্রধান দেশগুলোর একটি বাংলাদেশ। তাই উভয় দেশের স্বার্থে সুশাসন, শ্রমিক কল্যাণ ও নৈতিক নিয়োগব্যবস্থাকে আরো শক্তিশালী করা প্রয়োজন। তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা শুধু শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে না; বরং মালয়েশিয়ার শ্রমশক্তির চাহিদা টেকসই ও দায়িত্বশীলভাবে পূরণেও সহায়তা করবে।
রামানান স্পষ্ট করে জানান, বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় সুশাসন জোরদার এবং বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণে তার মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে তারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক অভিবাসন নিরাপদভাবে এবং উভয় দেশের জন্য উপকারীভাবে অব্যাহত রাখার লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনে সম্মত হন। এই গ্রুপ বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করবে এবং দুই দেশের বর্তমান প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন একটি এমওইউ প্রণয়নের ভিত্তি তৈরি করবে।
বাংলাদেশি শ্রমিকদের নিয়োগে অতীতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ আদায় এবং শ্রমিকদের শোষণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়া সরকার শ্রমবাজারে স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করতে চায়।
logo-1-1740906910.png)