ইউরোপ অভিবাসনের খবর
ইইউতে কার্যকর নতুন আশ্রয়নীতি, সীমান্তে কঠোর নজরদারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৩:২৩
ইউরোপীয় ইউনিয়নের নতুন অ্যাসাইলাম ও মাইগ্রেশন প্যাক্ট ১২ জুন থেকে কার্যকর হয়েছে। নতুন এই নীতির মাধ্যমে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ, আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি এবং প্রত্যাখ্যাত আবেদনকারীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরো কঠোর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বৈধ ভিসা বা আবাসনের অনুমতি ছাড়া ইইউতে প্রবেশ করে আশ্রয় আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সীমান্তেই নিবন্ধন, পরিচয় যাচাই, নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যাদের আশ্রয় পাওয়ার সম্ভাবনা কম বলে বিবেচিত হবে, তাদের আবেদন সীমান্তেই দ্রুত নিষ্পত্তি করা হবে এবং প্রয়োজন হলে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
ইনফো মাইগ্রেন্টসের খবরে আরো বলা হয়েছে, আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে একটি সদস্যরাষ্ট্রের দেশত্যাগের নির্দেশ পুরো ইইউতে কার্যকর হবে। অনিয়মিতভাবে প্রবেশকারীদের আঙুলের ছাপের পাশাপাশি মুখের বায়োমেট্রিক তথ্যও সংরক্ষণ করা হবে।
ইইউর দাবি, নতুন নীতির লক্ষ্য হলো সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা, অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করা এবং সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আশ্রয়প্রার্থীদের দায়িত্ব আরো সুষমভাবে ভাগ করে দেওয়া।
তবে মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এতে আশ্রয়প্রার্থীদের জন্য ইউরোপে প্রবেশ ও সুরক্ষা পাওয়ার পথ আরো কঠিন হয়ে উঠতে পারে।
logo-1-1740906910.png)